নারদ নিউজের কর্ণধারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে মামলা
দিল্লির নারদ নিউজ ডটকম নামের একটি ওয়েব পোর্টালের প্রধান ম্যাথু স্যামুয়েলের বিরুদ্ধে কলকাতায় মামলা হয়েছে। পুলিশ সেই মামলার তদন্ত শুরু করেছে।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গত ১৪ মার্চ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ১১ জন নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়কের ক্যামেরার সামনে লাখ লাখ টাকার ঘুষ গ্রহণের একটি ভিডিও ফাঁস করে। এ ঘটনা ফাঁসের পর পশ্চিমবঙ্গ জুড়ে রাজনৈতিক ঝড় শুরু হয়। কিন্তু এই ঝড় কাবু করতে পারেনি তৃণমূলের অভিযুক্ত নেতাদের। বরং সেই নেতারা নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রী হয়েছেন।
মুখ্যমন্ত্রী হয়ে সেই নারদ কাণ্ডের তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের দায়িত্বে আছেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার।
এক মন্ত্রীর স্ত্রী কলকাতার নিউমার্কেট থানায় ম্যাথু স্যামুয়েলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ম্যাথু তাঁর স্বামীর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ এনে মানহানির চেষ্টা করেছেন। নির্বাচনের আগে তাঁকে ফাঁসানোর চেষ্টা করেছেন। তাই অভিযোগকারী ম্যাথু স্যামুয়েলের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, মানহানি, নির্বাচনের ফল স্বামীর বিরুদ্ধে প্রভাবিত করতে ওই নারদ কাণ্ড করা হয়েছে।