নারদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ
পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্ট চাঞ্চল্যকর নারদ কেলেঙ্কারি মামলার সিবিআই (কেন্দ্রীয় তদন্ত ব্যুরো) তদন্তের নির্দেশ দিয়েছেন। গতকাল শুক্রবার জনস্বার্থ মামলার শুনানি শেষে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রের নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চ এ রায় দেন।
সিবিআই ৭২ ঘণ্টার মধ্যে প্রাথমিক তদন্ত করে একটি রিপোর্ট দেবে কলকাতা হাইকোর্টকে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায় মনে করলে সিবিআই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আদালত বলেছেন, এই মামলায় পুলিশ সঠিক ভূমিকা পালন করেনি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সচিবালয়ে আহুত এক সংবাদ সম্মেলনে বলেছেন, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানাতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে।
গত বছরের মার্চ মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের অনৈতিক অর্থ গ্রহণের চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ ফাঁস করে দিল্লির নারদ নিউজ ডট কম।