নারদ নিয়ে সিবিআইকে তদন্তের আদেশ বহাল
পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর নারদ দুর্নীতি কাণ্ডে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট মামলা তদন্তের জন্য সিবিআইকে যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশই বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। এ ছাড়া আদালতের নির্দেশে নিঃশর্তভাবে মামলা তুলে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
আজ মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্ট এই আগের নির্দেশ বহাল রাখার পাশাপাশি মামলার প্রাথমিক তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের দেওয়া তিন দিনের সময় বাড়িয়ে তা ৩০ দিন করেছেন। এ ছাড়া রাজ্য সরকারের দায়ের করা আবেদনে হাইকোর্টের পক্ষপাতিত্বের যে অভিযোগ তোলা হয়েছিল তাতে সুপ্রিম কোর্ট অসন্তোষ প্রকাশ করে রাজ্য সরকারকে ভর্ৎসনা করে অবিলম্বে ক্ষমা চেয়ে মামলা প্রত্যাহারের নির্দেশ দেন। পরে পশ্চিমবঙ্গ সরকার মামলাটি তুলে নেয়।
এ ছাড়া কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূলের যেসব মন্ত্রী ও নেতা সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গতকাল সোমবার আজ আবেদন করেছিলেন সেই আবেদনও খারিজ করে দিয়েছেন আদালত।
১৭ মার্চ কলকাতা হাইকোর্ট নারদ মামলার তদন্তভার তুলে দেন ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে। এতে ক্ষুব্ধ হয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে দুটি পৃথক আবেদন করে।
গত বছরের ১৪ মার্চ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের অর্থ গ্রহণের এক চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ ফাঁস করে দিল্লির নারদ নিউজ ডট কম নামের একটি ওয়েব পোর্টাল। পরে সেই ভিডিওটি কলকাতার রাজ্য বিজেপির কার্যালয়েও ফাঁস করে বিজেপি। এরপর এই নারদ দুর্নীতি মামলা নিয়ে উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গ। বিভিন্ন মহল থেকে দাবি ওঠে, এই মামলার তদন্ত করাতে হবে সিবিআই দিয়ে। এ নিয়ে তিনটি পৃথক জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।
পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এই দুর্নীতিকাণ্ডে তাদের মন্ত্রী-সাংসদদের নাম থাকায় সিবিআই দিয়ে তদন্ত করাতে রাজি ছিল না। অবশেষে ১৭ মার্চ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চ জনস্বার্থ মামলার শুনানি শেষে এক নির্দেশে জানিয়ে দেন নারদ মামলার তদন্ত করবে সিবিআই। হাইকোর্টের নির্দেশের পর সিবিআই কর্মকর্তারা নারদ মামলার তদন্তও শুরু করেন।
তদন্তের একপর্যায়ে নারদ নিউজ ডট কমের কর্ণধার ম্যাথু স্যামুয়েলের কাছে সিবিআই জানতে চায়, এই কেলেঙ্কারি ফাঁস করতে যে অর্থ খরচ হয়েছিল, সেই অর্থের জোগান দিয়েছিল কে? ম্যাথু স্যামুয়েল সিবিআইয়ের প্রশ্নের জবাবে জানিয়ে দেন, অর্থের জোগান দিয়েছিল তেহেলকা ম্যানেজমেন্ট। পুরো অর্থ দিয়েছিল তারা। আর তা দেওয়া হয়েছিল কলকাতায় আল কেমিস্ট নামের একটি সংস্থার মাধ্যমে। সেই সংস্থার চেয়ারম্যান ছিলেন তেহেলকার কর্ণধার তৃণমূল সাংসদ কেডি সিং।
এত দিন পর স্যামুয়েল অর্থ জোগানের গোমর ফাঁস করে দেওয়ায় নতুন করে অস্বস্তিতে পড়েছে তৃণমূল।
ওই ভিডিও ফুটেজে দেখা যায়, তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-মন্ত্রীদের ঘরে ঘরে, হাতে হাতে পৌঁছে যাচ্ছে অর্থ। যাঁদের বিরুদ্ধে অর্থ গ্রহণের অভিযোগ এসেছিল, তাঁরা হলেন মুকুল রায় (সাবেক রেলমন্ত্রী, ২০ লাখ রুপি), সুব্রত মুখোপাধ্যায় (পঞ্চায়েত মন্ত্রী, ৫ লাখ), সুলতান আহমেদ (তৃণমূল সাংসদ, ৫ লাখ), সৌগত রায় (তৃণমূল সাংসদ, ৫ লাখ), শুভেন্দু অধিকারী (তৃণমূল সাংসদ, ৫ লাখ), কাকলি ঘোষ দস্তিদার (তৃণমূল সাংসদ, ৫ লাখ), প্রসূন ব্যানার্জি (তৃণমূল সাংসদ, ৫ লাখ), শোভন চ্যাটার্জি (কলকাতার মেয়র, ৪ লাখ), মদন মিত্র (সাবেক পরিবহনমন্ত্রী, ৫ লাখ), ইকবাল আহমেদ (তৃণমূল সাংসদ, ৫ লাখ), ফিরহাদ হাকিম (পৌর ও নগর উন্নয়নমন্ত্রী, ৫ লাখ) এবং মহম্মদ আহমেদ মির্জা (সিনিয়র পুলিশ অফিসার, ৫ লাখ রুপি)।