নারদকাণ্ডে পশ্চিমবঙ্গ সরকারকে ধাক্কা সুপ্রিম কোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারদ কেলেঙ্কারি মামলায় জোর ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার এবং সেই সঙ্গে তৃণমূল নেতারা। গতকাল মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সিবিআই তদন্তের বিরুদ্ধে করা আবেদনের শুনানির পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস কেহরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের আবেদন খারিজ করে নারদ মামলার তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের আদেশকেই বহাল রাখার নির্দেশ দেন।

সুপ্রিম কোর্টের এই রায়ের পর পশ্চিমবঙ্গের সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র নারদ মামলায় জড়িত মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের অবিলম্বে বরখাস্তের দাবি তোলেন। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধেই রয়েছে আলাদা আলাদা অভিযোগ। তাঁর দাবি, ‘সিবিআই নারদ মামলার তদন্ত শুরু করুক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরার মাধ্যমে। কারণ, সবকিছুর মাথা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। তাঁর প্রশ্রয় ছাড়া কোনো কিছু হতে পারে না এই রাজ্যে। তিনিই অভিযুক্ত মন্ত্রীদের মনোনয়ন দিয়েছিলেন। অভিযুক্ত পুলিশ সুপারের বিরুদ্ধেও তিনি কোনো ব্যবস্থা নেননি। সবই হয়েছে তাঁর ছত্রচ্ছায়ায়। তাই সিবিআইয়ের উচিত প্রথমে মুখ্যমন্ত্রীকে জেরা করা।’ এর আগে অবশ্য সারদা মামলায়ও মমতাকে সিবিআইয়ের জেরা করার দাবি উঠেছিল। সূর্যকান্ত মিশ্র আরও বলেন, ‘মমতার লজ্জা থাকলে উচিত হবে যেসব মন্ত্রীর বিরুদ্ধে নারদ কেলেঙ্কারির দাগ পড়েছে, তাঁদের বরখাস্ত করা।’

সুপ্রিম কোর্ট গতকাল মঙ্গলবার বিকেলে শুনানি শেষে জানিয়ে দিয়েছে, কলকাতা হাইকোর্ট নারদ মামলা তদন্তের জন্য সিবিআইকে যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশই বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। পাশাপাশি রাজ্য সরকারের দায়ের করা আবেদনে হাইকোর্টের পক্ষপাতিত্বের যে অভিযোগ তোলা হয়েছিল, তাতে সুপ্রিম কোর্ট অসন্তোষ প্রকাশ করে রাজ্য সরকারকে ভর্ৎসনা করে অবিলম্বে ক্ষমা চেয়ে মামলা প্রত্যাহারের নির্দেশ দেয়। এরপরেই পশ্চিমবঙ্গ সরকার নিঃশর্তভাবে মামলা তুলে নেয়। তবে সুপ্রিম কোর্ট এই মামলা প্রাথমিক তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের দেওয়া তিন দিনের সময় বাড়িয়ে তা ৩০ দিন করে দিয়েছে। এ ছাড়া যেসব তৃণমূল মন্ত্রী ও নেতা সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন, সেসব আবেদনও খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট।

১৭ মার্চ কলকাতা হাইকোর্ট নারদ মামলার তদন্তভার তুলে দেন ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে। এতে ক্ষুব্ধ হয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পৃথক মামলা করে। এই নারদ মামলায় ফাঁস হওয়া ভিডিও ফুটেজে উঠে এসেছে শাসক তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়কের ঘুষ গ্রহণের দৃশ্য।