নারদা দুর্নীতি মামলার অবশিষ্ট অংশের শুনানি আজ
ভারতের পশ্চিমবঙ্গে নারদা দুর্নীতি মামলার অবশিষ্ট অংশের শুনানি আজ সোমবার অনুষ্ঠিত হবে। কলকাতা হাইকোর্টের ৫ সদস্যের ডিভিশন বেঞ্চে এই শুনানি হবে।
এই মামলায় আসামিদের জামিন স্থগিত রাখাসহ মামলাটি অন্য রাজ্যে স্থানান্তর করা যাবে কি না, তা নিয়ে শুনানি হবে। আজ দুই পক্ষের আইনজীবীদের সওয়াল–জবাবের পর ডিভিশন বেঞ্চ এ–সংক্রান্ত রায়ও দিতে পারেন। তবে মামলা অন্য রাজ্যে সরানো যাবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, অন্য রাজ্যে স্থানান্তর করতে গেলে সুপ্রিম কোর্টের অনুমতি নিতে হয়। তাই আইনজীবীরা মনে করছেন, কলকাতা হাইকোর্ট মামলাটি স্থানান্তর করার আদেশ না দিলে সে ক্ষেত্রে সিবিআই ফের সুপ্রিম কোর্টের শরণাপন্ন হতে পারে।
এর আগে গত শুক্রবার এই ডিভিশন বেঞ্চ কলকাতার চার প্রভাবশালী নেতাকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন। নারদা দুর্নীতি মামলায় জামিন পাওয়া পশ্চিমবঙ্গের এই চার নেতা হলেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা, সাবেক মন্ত্রী ও বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়, তৃণমূল নেতা, কলকাতা পৌর করপোরেশনের সাবেক মেয়র ও বর্তমান মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম, সাবেক মন্ত্রী ও নবনির্বাচিত তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং কলকাতা পৌর করপোরেশনের সাবেক মেয়র ও বর্তমান বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। ১৭ মে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর ১২ দিন পর এই চার নেতা মুক্তি পান।
কলকাতা হাইকোর্টের যে বেঞ্চে আজ মামলার শুনানি হবে সেই বেঞ্চে রয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি সৌমেন সেন। হাইকোর্টের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বেই গড়া হয়েছে এই বেঞ্চ।
এই মামলা ও গ্রেপ্তার নিয়ে এর আগে বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটেছে। যেমন গ্রেপ্তারের পর ১৭ মে রাতেই জামিন পান ওই চার নেতা। কিন্তু পরে ওই রাতেই সিবিআই জামিন বাতিলের আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট জামিন বাতিল করেন। এরপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে ওই চার নেতার জামিন শুনানি হয়। কিন্তু ওই শুনানিতে তাঁরা দুজন ভিন্ন মত দেন। ফলে তাঁদের জামিন ঝুলে যায়।
পরে আরেক শুনানিতে আসামিপক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতকে বলেন, জামিন আবেদন নিষ্পত্তি করতে অবিলম্বে বৃহত্তর বেঞ্চ গঠন করা হোক। অন্যথায় তৃতীয় বিচারপতির কাছে পাঠানো হোক মামলাটি। পরে আদালত পাঁচ সদস্যের নতুন বেঞ্চ গঠন করেন। এই বেঞ্চেই শুনানি হয়। কিন্তু এর বিরোধিতা করে সিবিআই। সিবিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতেই মামলাটি যায় সুপ্রিম কোর্টে। কিন্তু সুপ্রিম কোর্ট সেই মামলার শুনানি শেষে ২৫ মে তা গ্রহণ না করে ফিরিয়ে দেন কলকাতা হাইকোর্টে।
২০১৬ সালের মার্চে রাজ্য বিধানসভার নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের ১৩ নেতা-মন্ত্রীর ঘুষ নেওয়ার এক কেলেঙ্কারি ফাঁস হয়। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৭ সালের মার্চে এই নারদা কেলেঙ্কারি মামলার তদন্তের ভার দেওয়া হয় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের হাতে। সে মামলায় আসামি করা হয় পশ্চিমবঙ্গের তৎকালীন চার মন্ত্রীসহ সাংসদ, বিধায়ক ও অন্য তৃণমূল নেতাদের।