নারদা মামলা নিয়ে সুপ্রিম কোর্টে মমতা, আজ শুনানি
ভারতের পশ্চিমবঙ্গের আলোচিত নারদা কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ মামলায় তাঁকে এবং আইনমন্ত্রী মলয় ঘটককে পক্ষ করায় সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছেন তিনি।
নারদা মামলা অন্য কোথাও স্থানান্তর করা হবে কি না, সিবিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নিয়ে শুনানি চলছে কলকাতা হাইকোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে। এ মামলায় রাজ্যের মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীকে পক্ষ করায় অসন্তুষ্ট তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রী তাঁদের জড়িত করার বিষয় নিয়ে হলফনামা দিয়ে বক্তব্য পেশ করার আবেদন জানালেও হাইকোর্ট সে আবেদন খারিজ করে দিয়েছেন।
এবার হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন মুখ্যমন্ত্রী। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি হেমন্ত গুপ্ত ও বিচারপতি অনিরুদ্ধ বসুর সমন্বয়ে গঠিত অবকাশকালীন ডিভিশন বেঞ্চে মমতার আবেদনের শুনানি হবে। ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হবে এই শুনানি।
নারদা মামলায় গত ১৭ মে তৃণমূল ও বিজেপির চার নেতাকে গ্রেপ্তার করে সিবিআই। এই গ্রেপ্তার হওয়া নেতারা হলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূলের বিধায়ক মদন মিত্র এবং কলকাতার সাবেক মেয়র ও বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। গ্রেপ্তারের দিন মমতা কলকাতার সিবিআই দপ্তর নিজাম প্যালেসে গিয়ে ওই নেতাদের মুক্তি দাবি করে অবস্থানে বসেছিলেন। পাশাপাশি এই চার নেতাকে কলকাতা সিবিআইয়ের বিশেষ আদালতে তোলার সময় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক সেখানে উপস্থিত হয়ে তৃণমূলের পক্ষে অবস্থান নেন।
এই ঘটনার পর কলকাতা হাইকোর্টে বিচারাধীন নারদা মামলার জন্য গঠিত পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ পক্ষভুক্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইনমন্ত্রী মলয় ঘটককে। দপ্তরে মমতার অবস্থান এবং সিবিআই আদালতে রাজ্যের আইনমন্ত্রীর উপস্থিতি এ মামলায় বিচারপ্রক্রিয়া প্রভাবিত হওয়ার অভিযোগ তোলে সিবিআই।
রাজ্য বিধানসভার নির্বাচনের পর এখনো শান্তি ফিরে আসেনি পশ্চিমবঙ্গে। এ নির্বাচনে বিজেপিকে হারিয়ে দিয়ে বিপুল ভোটে তৃণমূল জিতেছে। কিন্তু এরপর রাজ্যে থেকে বিজেপিকে হটানোর জন্য তৎপরতা শুরু করেছে তৃণমূল। এ জন্য দলটির নেতা-কর্মীদের ওপর হামলাও চালিয়েছে তৃণমূলের নেতা-কর্মীরা। তৃণমূলের হামলায় বহু বিজেপি কর্মী এলাকাছাড়া হয়েছেন। এ নিয়ে তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে জাতীয় মানবাধিকার কমিশন সাত সদস্যের একটি তদন্ত দল গঠন করেছে। তাঁরাই সরেজমিন পর্যবেক্ষণ করবেন নির্বাচনোত্তর সহিংস ঘটনার। পরে কলকাতা হাইকোর্টে সে প্রতিবেদন জমা দেবেন তাঁরা।