নারদের দ্বিতীয় পর্ব আসছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সংবাদভিত্তিক ওয়েবসাইট নারদ নিউজ ডটকম দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী-সাংসদ-বিধায়কদের ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস করবে। নারদ নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথু স্যামুয়েল কলকাতার একটি সংবাদপত্রকে এ কথা নিশ্চিত করেছেন।
১৪ মার্চ তৃণমূলের ১১ মন্ত্রী, সাংসদ ও বিধায়কের ঘুষ গ্রহণের দৃশ্য ফাঁস করে নারদ নিউজ। এরপর পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে বিরোধী দল এই অস্ত্রকে পুঁজি করে নির্বাচনের ময়দানে নেমে পড়েছে। চাঞ্চল্যকর ঘুষ গ্রহণের ভিডিও ফাঁসের পর এখনো গোটা দেশজুড়ে চলছে রাজনৈতিক ঝড়।
ম্যাথু স্যামুয়েল বলেছেন, শিগগিরই ফাঁস হবে নারদ কেলেঙ্কারির পরবর্তী ভিডিও চিত্র। এখন সেই ভিডিওর সম্পাদনার কাজ চলছে। তিনি বলেন, আগামী সপ্তাহে প্রকাশিত হচ্ছে নারদ নিউজ ডটকম-এর ‘এক্স ফাইলস-টু’। এবারের ছবি আরও স্পষ্ট হবে।
প্রথম দফায় ফাঁস করা ভিডিওতে তৃণমূলের ছয় সাংসদ মুকুল রায়, সুলতান আহমেদ, সৌগত রায়, শুভেন্দু অধিকারী, কাকলি ঘোষ দস্তিদার ও প্রসূন বন্দ্যোপাধ্যায়; রাজ্য মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী সুব্রত মুখার্জি ও ফিরহাদ হাকিম এবং সারদা কেলেঙ্কারিতে কারাবন্দী সাবেক মন্ত্রী ও বিধায়ক মদন মিত্র, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় ও সাবেক আইপিএস পুলিশ কর্মকর্তা সৈয়দ এম এইচ মির্জাকে অর্থ গ্রহণ করতে দেখা যায়।
দ্বিতীয় দফার ভিডিও ফাঁসে কারা ফাঁসছেন সে বিষয়ে কোনো কথা বলেননি স্যামুয়েল।