নারী উন্নয়নের পথিকৃৎ বেগম রোকেয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় ‘রোকেয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অব উইমেন: বেঙ্গল’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতায় ‘রোকেয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অব উইমেন: বেঙ্গল’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি: ভাস্কর মুখার্জি

বেগম রোকেয়া তাঁর অসাম্প্রদায়িক চিন্তাচেতনা নিয়ে নারী সমাজকে কুসংস্কারের হাত থেকে রক্ষা করে যে পথ মুসলিম নারীদের দেখিয়েছিলেন, তা আজ ইতিহাস হয়ে রয়েছে আমাদের এই সমাজে, এই বিশ্বে। তিনিই হলেন মুসলিম নারী আন্দোলনের পথিকৃৎ। আজ সোমবার সকালে কলকাতায় দ্য এশিয়াটিক সোসাইটির উদ্যোগে বিদ্যাসাগর মিলনায়তনে ‘রোকেয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অব উইমেন: বেঙ্গল’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

কলকাতায় ‘রোকেয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অব উইমেন: বেঙ্গল’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিচ্ছেন অধ্যাপক সোনিয়া নিশাত আমিন। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতায় ‘রোকেয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অব উইমেন: বেঙ্গল’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিচ্ছেন অধ্যাপক সোনিয়া নিশাত আমিন। ছবি: ভাস্কর মুখার্জি

সেমিনারের উদ্বোধন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ভারতী রায়। স্বাগত বক্তব্য দেন এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক সত্যব্রত চক্রবর্তী। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক সোনিয়া নিশাত আমিন। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকার সেন্ট্রাল উইমেন্স বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যা ও জেন্ডার স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক মালেকা বেগম। অধ্যাপক উত্তরা চক্রবর্তী সেমিনারের বিষয় ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন। সভাপতিত্ব করেন অধ্যাপক স্বপন কুমার প্রামাণিক।

কলকাতায় ‘রোকেয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অব উইমেন: বেঙ্গল’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিচ্ছেন অধ্যাপক মালেকা বেগম। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতায় ‘রোকেয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অব উইমেন: বেঙ্গল’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিচ্ছেন অধ্যাপক মালেকা বেগম। ছবি: ভাস্কর মুখার্জি

সেমিনারে বক্তারা বলেন, রোকেয়ার মতো ক্ষণজন্মা এক সমাজসংস্কারকের আজ দারুণ প্রয়োজন আমাদের এই সমাজজীবনে। তিনি সারা জীবন লড়েছেন সমাজের কুসংস্কার আর অশিক্ষার বিরুদ্ধে। বিশাল প্রতিভার অধিকারী এই মহীয়সী নারী মুসলিম নারীদের ঘরে ঘরে শিক্ষার আলো জ্বেলেছেন, কুসংস্কার থেকে মুক্ত করেছেন। নারীমুক্তি এবং নারীশিক্ষার আন্দোলনে তাঁর অবদান আজ গোটা বিশ্বে ইতিহাস হয়ে আছে। সেমিনারে রোকেয়ার মতো ক্ষণজন্মা আরেক নারী আন্দোলনের পথিকৃৎ বেগম সুফিয়া কামালের জীবন ও কর্ম নিয়েও আলোচনা হয়।

আলোচনা সভার বিভিন্ন পর্বে আরও অংশ নেন সুজিত কুমার দাস, অধ্যাপক মালিনী ভট্টাচার্য, অধ্যাপক সৈয়দ তানভির নাসরিন, অধ্যাপক মীরাতুন নাহার, অধ্যাপক সুশান্ত দাস, অধ্যাপক অমিত দে, অধ্যাপক মুশাররফ হোসেন প্রমুখ।