নারী কর্মীকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন গণধর্ষণ
পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের এক রেলকর্মীকে গণধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে দমদম রেল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও চিৎপুর থানার ওসিকে কর্তব্যে অবহেলার দায়ে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া চারজন হলো গজেন্দ্র, জিৎ, রাজু ও মনোজ। কলকাতার চিৎপুর রেল ইয়ার্ডে কর্মরত রেলের এক নারী কর্মী দীর্ঘদিন ধরে তাঁর চার সহকর্মীর হাতে গণধর্ষণের শিকার হচ্ছিলেন। গত শনিবার কলকাতার একটি টিভি চ্যানেলে ওই নারী বিষয়টি প্রকাশ করেন। তাঁর স্বামী ২০১০ সালের ২৮ মে জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনায় নিহত হলে রেল কর্তৃপক্ষ ওই নারীকে রেলে চাকরি দেন। তাঁর কর্মক্ষেত্র ছিল এই রেল ইয়ার্ডে। চাকরি পাওয়ার কিছুদিন পর ওই নারী কর্মীর দুর্বলতার সুযোগ নিয়ে চার সহকর্মী তাঁকে ধর্ষণ করে।
পুলিশ জানায়, এত দিন এভাবে ওই নারী কর্মী ধর্ষণের শিকার হয়ে আসছিলেন। তিনি আপত্তি করলে তাঁকে মেরে ফেলার হুমকি দিত চারজন। ধর্ষণের দৃশ্যও তারা মুঠোফোনে ধারণ করে রাখে। নিজের চাকরি বাঁচাতে ওই নারী বিষয়টি চেপে যান। এরই মধ্যে ওই নারী কর্মীর বিয়ে হয়। বিয়ের পরও ওই চার রেলকর্মীর হাত থেকে রেহাই পাননি তিনি। একদিন ওই নারী কর্মীকে চারজন মিলে বেদম মারধর করে। এরপর তিনি জীবনের ঝুঁকি নিয়ে স্বামীকে সব কথা বলেন। এরপর স্বামীসহ তিনি দমদমের রেল পুলিশ থানা ও চিৎপুর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকার করে। এরপর শনিবার ওই নারী কর্মী কলকাতার একটি টিভি চ্যানেলকে জানান। চ্যানেলটি এ খবর প্রচার করলে তোলপাড় শুরু হয় কলকাতায়।