নারী দিবসেই নির্বাচনী প্রচার শুরু মমতার
আন্তর্জাতিক নারী দিবসে গতকাল মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করল। গতকাল বিকেলে কলকাতার শ্যামবাজার থেকে এক বিশাল মিছিল বের হয়। সেই মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল সভানেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতার কেন্দ্রস্থল ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে মিছিল শেষে মমতা এবারও বিপুল ভোটে তৃণমূলের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, ২০১৬ সালে এই রাজ্যে ফের সরকার গড়বে তৃণমূলই। তিনি কংগ্রেস-বাম জোটকে কটাক্ষ করে বলেন, হাত (কংগ্রেসের প্রতীক) এবং কাস্তে-হাতুড়ি (বামফ্রন্টের প্রতীক) জোটকে পরাস্ত করতে হবে।
মিছিলে মমতার সঙ্গে পা মেলান দলের শীর্ষ নেতারা। গত শুক্রবার ভারতের নির্বাচন কমিশন থেকে পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার ২৯৪টি আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। শাসক দল তৃণমূল কংগ্রেস শুক্রবারই তাদের ২৯৪ জন প্রার্থীর নাম ঘোষণা করে। আর বামফ্রন্ট গত সোমবার রাতে প্রথম পর্যায়ে ১১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।
বিস্ফোরণে নিহত দুই : এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অঘটনে এই প্রথম নিহত হলেন দুজন। গত সোমবার রাতে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার বিন্দেরপুরে বোমা বানাতে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তাঁরা। গুরুতর আহত হন একজন।
গণমাধ্যম সূত্রে বলা হয়েছে, গ্রামবাসীর অভিযোগ, তৃণমূল দলের গ্রাম পঞ্চায়েত সদস্য মনোয়ার শেখের নেতৃত্বে চলছিল ওই বোমা তৈরির কাজ। তবে তৃণমূল নেতা এ অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৫০টির বেশি তাজা বোমা উদ্ধার করেছে।