নারী হয়রানির ছবি তুলে বিতর্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজ সেত্যের তোলা ‘দ্য রং টার্ন’ অ্যালবামের একটি ছবি। ছবি: ডনের সৌজন্যে
রাজ সেত্যের তোলা ‘দ্য রং টার্ন’ অ্যালবামের একটি ছবি। ছবি: ডনের সৌজন্যে

ভারতে সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া ধর্ষণের বিষয়টি আলোকপাত করতে ফ্যাশন মডেলদের নিয়ে কিছু ছবি তুলেছেন এক আলোকচিত্রী। আর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বিতর্কের ঝড় উঠেছে।

আজ বুধবার এএফপির খবরে জানানো হয়, কিছুদিন আগে আলোকচিত্রী রাজ সেত্যে ‘দ্য রং টার্ন’ শিরোনামে তোলা ছবিগুলো অনলাইনে তাঁর নিজস্ব সাইটে তোলেন। ছবিগুলোতে দেখা যায়, বাসে পুরুষের একটি দল ফ্যাশন মডেলের সাজে সজ্জিত এক নারীকে হয়রানি করছে। বিভিন্ন আঙ্গিকে তোলা হয়েছে হয়রানির সেই চিত্র।

একটি ছবিতে দেখা যায়, বাসের মেঝেতে পড়ে আছেন সেই নারী। তাঁর ওপর দাঁড়িয়ে থাকা পুরুষদের কবল থেকে মুক্ত হওয়ার আপ্রাণ চেষ্টা করছেন তিনি।

ছবিগুলো টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। ছবিগুলোকে ‘জঘন্য’, ‘বিরক্তিকর’ এবং ‘ভীতিকর’ বলে মন্তব্য করেছেন অনেকে।
নিজের তোলা ছবি সম্পর্কে রাজ সেত্যে বলেন, ২০১২ সালের ডিসেম্বরে নয়াদিল্লিতে চলন্ত বাসে যে গণধর্ষণের ঘটনা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে, তাঁর ছবিগুলো সে ঘটনার ওপর ভিত্তি করে নয়। তিনি বলেন, ‘তবে সমাজের অংশ হিসেবে ও আলোকচিত্রী হওয়ার কারণে ঘটনাটি আমাকে ভেতর থেকে তাড়িত করেছে। আমি এমন এক সমাজে বাস করি যেখানে আমার মা, মেয়ে বন্ধু, বোনদের সঙ্গেও এমন ঘটনা ঘটতে পারে।’