ভারতের দিল্লির রাজ্য সরকারের নারী ও শিশুকল্যাণমন্ত্রী সন্দীপ কুমারকে যৌন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে সরিয়ে দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দুই নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় সন্দীপ কুমারকে দেখা গেছে এমন একটি ভিডিও চিত্র গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর বুধবার দিবাগত গভীর রাতে টুইট করে আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল তাঁকে বরখাস্ত করার কথা জানান।
কেজরিওয়াল টুইট করে জানান, তাঁর কাছে একটি সিডি এসেছে, যেখানে সন্দীপ কুমারকে দুই নারীর সঙ্গে আপত্তিজনক অবস্থায় দেখা গেছে। ওই সিডি পাওয়ার আধা ঘণ্টার মধ্যেই সন্দীপ কুমারকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করে আম আদমি সরকার। গতকাল বৃহস্পতিবার কেজরিওয়াল এক ভিডিও বার্তায় বলেন, ‘সন্দীপ কুমার আম আদমি পার্টি ও আমাদের আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।’
তবে সন্দীপ কুমার বলেছেন, ভিডিওতে যে লোকটিকে দেখা গেছে তিনি সে লোক নন। তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই বিরোধীরা এই ভিডিও বানিয়ে বাজারে ছেড়েছে।