নারীদের হেনস্তা রোধে 'অ্যান্টি-রোমিও স্কোয়াড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর প্রদেশে মিরাটের একটি রাস্তায় দুই তরুণকে জিজ্ঞাসাবাদ করছে অ্যান্টি-রোমিও স্কোয়াডের সদস্যরা। ছবি: ফেসবুক থেকে নেওয়া
উত্তর প্রদেশে মিরাটের একটি রাস্তায় দুই তরুণকে জিজ্ঞাসাবাদ করছে অ্যান্টি-রোমিও স্কোয়াডের সদস্যরা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

স্কুল-কলেজের সামনে ও পথেঘাটে নারীরা হামেশাই বখাটেদের উত্ত্যক্ত ও হেনস্তার শিকার হন। অনেক ছেলে আবার নারীদের হেনস্তা করতে মজনু বা রোমিও সেজে ওত পেতে থাকেন। এবার ওই বখাটে রোমিও-মজনুদের শাস্তি দিতে মাঠে নেমেছে অ্যান্টি-রোমিও স্কোয়াড নামের একটি দল। এতে বখাটের শাস্তি যেমন দেওয়া হবে, তেমনই নারীদের সম্মান রক্ষার্থে তাঁদের হেনস্তা করাও বন্ধ হবে। ভারতের উত্তর প্রদেশে মিরাটে গতকাল মঙ্গলবার থেকে পুলিশের নেতৃত্বে পুরোদমে মাঠে কাজ শুরু করে দিয়েছে অ্যান্টি-রোমিও স্কোয়াড।

আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ক্ষমতা গ্রহণের দুই দিন পরেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যে নারীদের সম্মান রক্ষার্থে অ্যান্টি-রোমিও স্কোয়াড গঠন করে মাঠে নামার নির্দেশ দিয়েছেন। নির্বাচনের আগে প্রচারণায় গিয়ে আদিত্যনাথ অ্যান্টি-রোমিও স্কোয়াড গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়, আপাতত শুধু মিরাটে অ্যান্টি-রোমিও স্কোয়াড কাজ শুরু করে দিয়েছে। এই দলটি প্রথম দিনেই পুরো বাহিনী নিয়ে রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ও জনসমাগমের স্থলে অবস্থান নেয়। তাদের দায়িত্ব নারীদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় বখাটেদের উত্ত্যক্ত, হয়রানি ও হেনস্তা রোধ করা। তবে অনেক অভিভাবক ও তরুণেরা এই দলের কঠোর সমালোচনা করেছেন। তাঁদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই এই দল অপরাধ দমনের চেয়ে নীতি পুলিশি বেশি করছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মিরাট জেলার প্রতিটি থানার আওতায় তিন থেকে চার সদস্যের একটি করে অ্যান্টি-রোমিও স্কোয়াড কাজ করবে। তবে জনবসতিপূর্ণ থানা এলাকায় একটির বেশি দল থাকতে পারে। সেখানে সদস্যসংখ্যাও চারের অধিক হতে পারে। প্রদেশের পুলিশ প্রধানের কার্যালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আশপাশের ১১টি জেলায় এ ধরনের অ্যান্টি-রোমিও স্কোয়াড গঠন করতে হবে।

প্রথম দিনেই গতকাল মিরাটের স্কুল, কলেজ, পান-সিগারেটের দোকান ও পেস্ট্রি শপসহ যেসব স্থানে তরুণ-যুবকেরা আড্ডা দেন, সেসব জায়গায় অবস্থান নেন অ্যান্টি-রোমিও স্কোয়াডের সদস্যরা। তাঁরা তরুণদের আটক করে নানা ধরনের জিজ্ঞাসাবাদ করেন। কোনো কোনো ক্ষেত্রে দলের সদস্যরা তরুণদের মা-বাবাকে ফোন করেও তাঁদের সন্তানদের কর্মকাণ্ড সম্পর্কে জানিয়েছেন।

অ্যান্টি-রোমিও স্কোয়াডের বিরুদ্ধে অযথা হয়রানির অভিযোগ তুলে নাম প্রকাশ না করার শর্তে এক তরুণ বলেন, ‘আমি এক বন্ধুর সঙ্গে দেখা করতে ডি এন কলেজের সামনে দাঁড়িয়েছিলাম। এ সময় পুলিশ এসে আমাকে অযথাই সতর্ক করে যায়। তারা আমার মা-বাবাকে ফোন দিতে চেয়েছিলেন। কিন্তু তাদের সঠিক নম্বর দিইনি। আমি ছেলে না মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম, তা-ও তারা জানতে চায়নি। তাদের দৃষ্টিতে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা যেকোনো ছেলেই “মজনু”।’

ছেলের বিরুদ্ধে পুলিশের ফোন পেয়ে বিরক্ত এক বাবা বলেন, ‘ছেলেরা কোথায় দাঁড়াবে না দাঁড়াবে তা ঠিক করে দেওয়ার দায়িত্ব পুলিশের নয়। আমার ছেলের বয়স ১৯, সে প্রাপ্তবয়স্ক। সে কোথায় দাঁড়িয়ে আছে, তা ফোনে তাঁর বাবাকে জানানোর কোনো মানে নেই—এই বোধটা তাদের নেই।’

পুলিশ জানায়, ২০০৫ সালে ‘অপারেশন মজনু’ নামে এ রকম একটি দল গঠন করে অভিযান চালানো হয়েছিল। অ্যান্টি-রোমিও স্কোয়াড ওই ধাঁচেই কাজ করবে।

প্রতিবেদনে বলা হয়, রাস্তার মোড়ে কোনো ছেলে দাঁড়িয়ে থাকলেই তাঁকে থানায় তুলে নেওয়া ও পার্কে কোনো প্রেমিক যুগল দেখলেই অভিযান চালিয়ে তাঁদের হয়রানি করত অপারেশন মজনু দল। সে সময় এ রকম কর্মকাণ্ডের কারণে বেশ সমালোচিত হয়েছিল এ অভিযান। দুই পুলিশ কর্মকর্তাকেও সাময়িক বহিষ্কার করা হয়েছিল।

মিরাটে দিল্লি গেট থানার কর্মকর্তা এম কে উপাধ্যায় বলেন, ‘প্রায়ই স্কুল-কলেজ শেষে অনেক ছেলে বাইরে অযথা দাঁড়িয়ে থাকে। আমরা এ ধরনের কয়েকজন ছেলেকে দেখে জানিয়েছে, তাদের এখানে এভাবে অযথা দাঁড়িয়ে থাকা ঠিক নয়।’

হয়রানি করার অভিযোগ অস্বীকার করে পুলিশ সুপার অলক প্রিয়াদর্শী বলেন, ‘অ্যান্টি-রোমিও স্কোয়াডের একমাত্র কাজ হলো নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বখাটেদের উত্ত্যক্ততা রোধ করা। এ কারণে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা হাতে নিয়েছি। জনসমাগম স্থলে, বিশেষ করে যেখানে নারীদের চলাফেরা বেশি, সেসব স্থানে সন্দেহজনক কাউকে দাঁড়ানোর অনুমতি দেওয়া হবে না। এতে নীতি পুলিশি হচ্ছে তা আমি বলব না।’