নারীর একলা খেতে যাওয়ার বিপদ
ভারতের রাজধানী নয়াদিল্লির রেস্তোরাঁয় কোনো নারীর একলা খেতে যাওয়া বিরাট এক ঝক্কি। নারী তখন চিরচেনা মমতাময়ীর আদল থেকে ছিটকে পড়ে হয়ে যেতে পারেন চিড়িয়া, যাকে একগাদা কৌতূহলী চোখ পর্যবেক্ষণ করছে। তাঁকে ঘিরে উঠতে পারে কলগুঞ্জন। এই ভিড়ের মধ্যে জুতসই জায়গা খুঁজে পাওয়া দায়। অনেক কসরত করে পরিচারককে যাওবা বলা যায়, ‘ভাই, একজনের বসার মতো টেবিল হবে? ’ সে সহযোগিতা করবে কি, বরং এমন দৃষ্টিতে তাকাবে যেন এটা এক আপদ।
চারপাশের উৎসুক দৃষ্টি, ফিসফিস কথা, উদ্দেশ্যমূলক হাসিতেই পেট ভরে যায়। খিদে চেপেই বেরিয়ে আসতে হয় অনেক নারীকে। এসব সমস্যার কারণে ভারতীয় বা বাঙালি সংস্কৃতিতে রেস্তোরাঁয় ঢুকে একা কোনো নারী খাচ্ছেন—এমন দৃশ্য কমই চোখে পড়ে। সম্প্রতি বিবিসিতে এক প্রতিবেদনে লেখক ও জনসংযোগ কর্মকর্তা অনুসূয়া বসু তুলে ধরেছেন তাঁর রেস্তোরাঁয় গিয়ে খাওয়ার তিক্ত অভিজ্ঞতার কথা।
নয়াদিল্লির এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন অনুসূয়া। ঢুকেই অনুসূয়া পরিচারককে ডাকেন। জিজ্ঞেস করেন, একা খাওয়ার মতো কোনো টেবিল আছে কি না? পরিচারকের চোখ যেন কপালে উঠে যায়। দেখে মনে হয় তিনি আকাশ থেকে পড়লেন।
দক্ষিণ ভারতীয় খাবারের জন্য প্রসিদ্ধ এক রেস্তোরাঁয় খাওয়ার অভিজ্ঞতাও একইরকম। এক কর্মদিবসে মধ্যাহ্নভোজ করতে অনুসূয়া ওই রেস্তোরাঁতে ঢোকেন। প্রথমেই ওয়েটর তাঁকে জিজ্ঞেস করেন, ‘একা ম্যাডাম’? সে সময় রেস্তোরাঁয় ছিল উপচে পড়া ভিড়। অনুসূয়া ঢোকার পরই কয়েকটি টেবিল ফাঁকা হয়। কিন্তু রেস্তোরাঁর ব্যবস্থাপক অজুহাত দেখান। তাঁকে গরমের মধ্যে বাইরে অপেক্ষা করতে বলেন। অনুসূয়া বাইরে যেতে রাজি হননি। এরপর রেস্তোরাঁর জ্যেষ্ঠ ব্যবস্থাপক আসেন। কোনোরকম দুঃখপ্রকাশ না করে অনুসূয়ার জন্য তিনি একটি টেবিলের ব্যবস্থা করেন।
এ সময় রেস্তোরাঁয় আসা খদ্দেররা অনুসূয়ার দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে থাকেন। চলতে থাকে ফিসফাস। কেউ অনুসূয়ার কাছে খাবারের ফরমাশ নিতে আসছিল না। ১৫ মিনিট পর একজন পরিচারক এসে বিরক্তির সঙ্গে তাঁর খাবারের ফরমাশ নেয়। অনুসূয়া তাঁদের বিরক্তির কারণটা বুঝতে পারেন। তিনি একদল বন্ধু নিয়ে রেস্তোরাঁয় খেতে যাননি। একা গেছেন। তার ওপর আবার চারজনের একটি টেবিল দখল করে বসে আছেন। তাঁর টেবিলে অন্য কোনো ক্রেতা বসতে পারছেন না। রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাঁকে আর্থিক ক্ষতির কারণ হিসেবে ধরে নিচ্ছেন। কারণ যে টেবিলে চারজন খেতে পারতেন, সেখান থেকে মাত্র একজনের খাওয়ার টাকা আসছে তুলতে পারছেন তাঁরা।
অনসূয়াকে আরও বিব্রত করতে এবার পরিচারক দুজন নতুন ক্রেতাকে তাঁর টেবিলে পাঠায়। তাঁদের আচরণে অনুসূয়া খুব বিরক্ত হন। তিনি টাকা পাওনা মিটিয়ে ওই রেস্তোরাঁ ছেড়ে চলে যান। ঠিক করেন আর কোনোদিন ওই রেস্তোরাঁয় খাবেন না।
কিন্তু শান্তি কোথাও নেই। দিল্লির ছোটখাট খাবারের দোকান থেকে অভিজাত রেস্তোরাঁ পর্যন্ত প্রায় সবখানে একলা নারীর জন্য পরিবেশ থাকে বিব্রতকর। দিল্লির ৬০ বছরের পুরোনো রেস্তোরাঁ লোনলি প্ল্যানেট। সেখানেও নৈশভোজে আসা একা কোনো নারী ভ্রুকুটির শিকার হন। রেস্তোরাঁয় ঢুকলে একটি টেবিলের জন্য অপেক্ষা করতে হয় অনেকক্ষণ। পরে একেবারে শেষ মাথায় কোণার দিকের কোনো টেবিল দেওয়া হয়। অনেক সময় ইচ্ছে করেই এমন টেবিলে বসানো হয়, যেখানে পুরুষেরা হইচই করছেন। এর মানে—চলে যাও।
লোনলি প্ল্যানেটে এ রকম একটি টেবিলে বসতে রাজি হননি অনুসূয়া। তিনি রেস্তোরাঁর জ্যেষ্ঠ ব্যবস্থাপকের সঙ্গে কথা বলেন। এরপর তাঁকে দুজনের বসার মতো একটি টেবিল দেওয়া হয়। এবার আরাম করে রাতের খাওয়া সারতে পারবেন বলে ভাবেন অনুসূয়া। তিনি বুঝতে পারছিলেন আশপাশের মানুষ তাঁর দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাচ্ছেন। কিন্তু অনসূয়া ঠিক করেন তিনি এসব দৃষ্টি এড়িয়ে যাবেন। কিছুক্ষণ পরে সবাই অনুসূয়ার দিকে তাকাতে থাকেন। যেন তিনি সুদৃশ্য কোনো আসবাব। খানিক পর রেস্তোরাঁর ব্যবস্থাপক অনুসূয়াকে উদ্দেশ্যমূলকভাবে বলেন, নৈশভোজে তিনি কোনো পুরুষকে সঙ্গী হিসেবে চান কি না?
একলা নারীর জন্য পাঁচতারকা হোটেলের পরিবেশও একইরকম। সেখানে খাবার সরবরাহকারীরা উদ্দেশ্যমূলকভাবে একটু পর পর এসে জিজ্ঞেস করেন, তিনি ঠিক আছেন কি না? অথবা তাঁর কিছু লাগবে কি না?
ব্লগার ও খাদ্যবিষয়ক লেখক পারুল সিরাজি বলেন, তিনি বিপদে না পড়লে কোনো রেস্তোরাঁয় নৈশভোজে যান না। একবার পাঁচতারকা একটি রেস্তোরাঁয় স্বামীর সঙ্গে তাঁর নৈশভোজ করার কথা ছিল। সেখানে তিনি স্বামীর জন্য অপেক্ষা করছিলেন। এই সময়টুকুতে পরিচারকেরা তাঁকে নানাভাবে অতিষ্ঠ করে তোলে।
পারুল সিরাজি বলেন, ‘আমি মনে করি না একজন পুরুষ ক্রেতার সঙ্গে তাঁরা এরকম ব্যবহার করতেন। মনে হচ্ছিল আমি চলে গেলে যেন ওরা বেঁচে যায়।’
তবে নিশ্চয়ই এর ব্যতিক্রম রয়েছে। দিল্লির দক্ষিণাঞ্চলে ছোট একটি রেস্তোরাঁর পরিবেশ অন্যরকম। সেটি অনেকটাই নারীবান্ধব। মণিপুরের মোরি লালবাই ওই রেস্তোরাঁ পরিচালনা করেন। ওই রেস্তোরাঁর রন্ধনশিল্পী একজন নারী। রেস্তোরাঁর ব্যবস্থাপক নারী। নারীরা যাতে স্বাচ্ছন্দ্যে সেখানে রাতের খাবার সারতে পারেন, এ ব্যাপারে তাঁরা সব সময় সচেষ্ট থাকেন। কোনো নারী একা এলে তাঁর সঙ্গে গল্প করেন মেরি লাবণী। যাতে তিনি নিঃসঙ্গবোধ না করেন।
মেরি লাবণী বলেন, রেস্তারাঁয় ভিড় যতই থাকুক না কেন, তিনি একলা আসা কোনো নারী ক্রেতাকে কখনো ফিরিয়ে দেন না। নারী-পুরুষ সব ক্রেতাকেই তিনি স্বাচ্ছন্দ্য দেওয়ার এবং রেস্তোরাঁর সুনাম বজায় রাখার চেষ্টা করেন। লাভ অবশ্যই দরকার, কিন্তু সেটিই একমাত্র লক্ষ্য নয়। তিনি রেস্তোরাঁয় আসা ক্রেতাদের মানসিকভাবে প্রশান্তি দিতে চান। কিন্তু এমন স্বস্তির জায়গা নারীদের জন্য নেই বললেই চলে। বিবিসি অবলম্বনে