নারীর বিরুদ্ধে অপরাধ দমনে নারী থানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে আজ শুক্রবার নতুন একটি থানার উদ্বোধন করা হয়েছে। সেখানে সব পুলিশই নারী। তাঁরা নারী সহিংসতার মামলাগুলো তদারকি করবেন। পর্যায়ক্রমে উত্তরাঞ্চলের সব জেলাতেই এ রকম থানা তৈরি করা হবে।

বিবিসির খবরে জানা যায়, থানার ভবনটি দোতলা। ভবনের গায়ে লাগানো হয়েছে নতুন রং। নতুন লাইট আর পাখাও বসানো হয়েছে। ফোনের নতুন লাইন বসেছে। দরজা, জানলায় ঝোলানো হয়েছে নতুন পর্দা। রয়েছে কম্পিউটার আর শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র।

গুরগাঁও পুলিশ কমিশনার নভদীপ সিং ভিরক বলেন, এটি নারীদের জন্য ‘ওয়ান স্টপ শপ’। তিনি বলেন, থানায় একজন পরিদর্শক ও ২৭ জন নারী পুলিশ থাকবে। তিনি বলেন, থানা থেকে নির্যাতিত নারীদের আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে। ৫০ জন দাঙ্গা পুলিশ সেখানে মোতায়েন থাকবেন।

উমেশ বালা নামের এক নারীকে পরিদর্শক নিয়োগ করা হয়েছে। তিনি দীর্ঘদিন পুলিশ সদস্য হিসেবে দায়িত্বপালন করেছেন। বিপদগ্রস্ত নারীদের সাহায্য করতে টেলিফোনে সেবাও চালু করেছেন।

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বলছে, সম্প্রতি ভারতে নারী সহিংসতার মাত্রা অনেক বেড়ে গেছে। নারী নির্যাতনের ঘটনায় আট হাজার ৯৭৪টি মামলা হয়েছে। এর মধ্যে যৌতুকের মামলা হয়েছে ৩ হাজার ৫০১টি। ধর্ষণের মামলা হয়েছে এক হাজার ১৭৪টি আর গণধর্ষণের মামলা হয়েছে ২৩০টি।

গুরগাঁওয়ের পুলিশ কমিশনার নবদীপ সিং ভিরক বলেন, তাঁদের মাত্র ৩৫০ নারী পুলিশ রয়েছে। প্রায় এক হাজার পুলিশ প্রয়োজন।

পরিদর্শক উমেশ বালা বলেন, নারীরা নানা কারণে থানায় যেতে চান না। থানায় নারী পুলিশ থাকলে তাঁরা সহজে এসে সমস্যার কথা বলতে পারবেন।