নিজেকে বিলিয়ে যিনি চারজনকে বাঁচালেন
তাঁর মস্তিষ্ক নিষ্ক্রিয়, কিন্তু জীবনপ্রদীপ দেহ থেকে একেবারে নিভে যায়নি। এই পরিস্থিতিতে তাঁর দেহ থেকে নেওয়া বিভিন্ন অঙ্গ অন্য চারজনের দেহে প্রতিস্থাপন করা হয়েছে। রক্ষা পেয়েছে চারটি প্রাণ। কলকাতার পঞ্চসায়রের ৭০ বছরের বৃদ্ধা শোভনা সরকারের ‘ব্রেনডেথ’ হলে তাঁর ইচ্ছানুযায়ী এবং পরিবারের সম্মতিতে দুটি কিডনি এবং দুটি কর্নিয়া অন্যদের দেহে সংযোজন করা হয়।
এই সফল অস্ত্রোপচার হয়েছে কলকাতার পিজি ও বেলভিউ হাসপাতালে। কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে বারাকপুরের একটি খ্যাতনামা চক্ষু হাসপাতালে। ভারতের কয়েকটি হাসপাতালে অঙ্গ প্রতিস্থাপনের সাফল্যের কথা শোনা গেলেও কলকাতায় এটাই প্রথম।
আজ বুধবার সকালে সর্বশেষ খবরে হাসপাতাল থেকে বলা হয়েছে, অস্ত্রোপচার হওয়া চার রোগীই ভালো আছেন। গত সোমবার দুপুরে রাজ্য সরকারের তরফ থেকে অনুমতি মেলার পর অস্ত্রোপচারের উদ্যোগ নেয় ওই দুটি হাসপাতাল। রাতে সম্পন্ন হয় কিডনি স্থাপনের প্রক্রিয়া। কাশীপুরের বাসিন্দা ফিরোজ আহমেদের শরীরের কিডনি প্রতিস্থাপন করা হয় পিজি হাসপাতালে। রামগড়ের বাসিন্দা কেয়া রায়ের শরীরে কিডনি প্রতিস্থাপন করা হয় কলকাতার বেলভিউ হাসপাতালে।
২০ জুন মস্তিষ্কের স্ট্রোকে আক্রান্ত হয়ে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হন শোভনা সরকার। ২৩ জুন চিকিৎসকেরা জানিয়ে দেন শোভনার ব্রেনডেথ হওয়ার কথা। এরপরই শোভনার পরিবার এই মৃতদেহের অঙ্গ দানের জন্য উদ্যোগী হয়। ২৫ জুন সরকারিভাবে শোভনার ব্রেনডেথ বা চিরতরে মস্তিষ্ক অচল হয়ে যাওয়ার কথা ঘোষণা করা হয়।
শোভনা সরকারের ছেলে প্রসেনজিৎ সরকার সাংবাদিকদের বলেন, ‘মায়ের ইচ্ছাই আমরা পূরণ করলাম। এবার আমার মা আরও চারজনের মাঝে বেঁচে থাকবেন। এটাই আমাদের শান্তি।’
আজ সকালে সর্বশেষ খবরে জানা যায়, কিডনি প্রতিস্থাপিত দুই রোগীই ভালো আছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।