নিজেদের পত্রিকায় নেহরু সোনিয়ার সমালোচনা বিব্রত কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হয়তো একেই বলে ঘরের শত্রু বিভীষণ! কংগ্রেসের মুখপত্রে জওহরলাল নেহরু অথবা সোনিয়া গান্ধীর কড়া সমালোচনা পড়ার পর এই তুলনাই স্বাভাবিক।

দেশজুড়ে গতকাল সোমবার কংগ্রেস যখন ১৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছে, তখনই হইচই ফেলে দিয়েছে মহারাষ্ট্র কংগ্রেসের মুখপত্র কংগ্রেস দর্শন-এর ডিসেম্বর সংখ্যা। ১৫ ডিসেম্বর সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রকাশিত সেই সংখ্যায় অনামী লেখকদের লেখা নিবন্ধে নেহরুর যে সমালোচনা করা হয়েছে, কিংবা যে ভাষায় আক্রমণ করা হয়েছে সোনিয়া অথবা তাঁর বাবাকে, তাতে চক্ষু চড়কগাছ হওয়ারই কথা।

এই অভূতপূর্ব ঘটনা জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গেই মুখপত্রের বিষয় সম্পাদক সুধীর যোশিকে গতকাল সোমবার বরখাস্ত করা হয়েছে।

কংগ্রেস দর্শন-এর ডিসেম্বর সংখ্যায় নেহরু-সম্পর্কিত রচনাটি এ রকম, ‘নেহরু যদি সর্দার বল্লভভাই প্যাটেলের পরামর্শ মেনে চলতেন, তাহলে কাশ্মীর, চীন, তিব্বত ও নেপালের সমস্যা এত দীর্ঘায়িত হতো না।’ ১৯৫০ সালে নেহরুকে লেখা প্যাটেলের একটি চিঠিরও উল্লেখ করা হয়েছে, যেখানে প্যাটেল চীনের তিব্বত-নীতি সম্পর্কে নেহরুকে সাবধান করেছিলেন। সেই চিঠিতে প্যাটেল চীনকে ‘অবিশ্বস্ত ও ভবিষ্যতের শত্রু’ বলে চিহ্নিত করেছিলেন।

নেহরু-প্যাটেল সম্পর্কের টানাপোড়েনের উল্লেখ করে নিবন্ধে লেখা হয়েছে, প্যাটেল উপপ্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর পদ পেলেও দুজনের পারস্পরিক সম্পর্ক কুসুম-কোমল ছিল না। দুজনেই বারবার ইস্তফা দেওয়ার হুমকি দিয়েছেন। প্যাটেলের দূরদৃষ্টি নেহরুর থাকলে আন্তর্জাতিক সম্পর্কের অনেক জটিলতাই দূর হয়ে যেত।

সোনিয়া গান্ধীর বাবা স্টিফানো মাইনো সম্পর্কে লেখা হয়েছে, তিনি ছিলেন ইতালির একজন ফ্যাসিস্ট সৈনিক। সোনিয়ার পরিবার ও তাঁর শৈশব-কৈশোর বয়সের নানা কথাও লেখা হয়েছে। তারপর লেখা, ১৯৯৭ সালে কংগ্রেসের সাধারণ সদস্যপদ পেয়েও মাত্র ৬২ দিনের মধ্যে তিনি দলের সভানেত্রী হয়ে ওঠেন। এমনকি, সরকার গড়ার একটা অসফল চেষ্টাও তিনি করেছিলেন।

আত্মঘাতী এই রচনার পূর্ণ দায় ঘাড়ে নিয়ে অবস্থার সামাল দিতে চেয়েছেন মুখপত্রের সম্পাদক সঞ্জয় নিরূপণ। তিনি বলেছেন, তিনি ইতিমধ্যেই লেখাটির বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। কংগ্রেস নেতা সালমান খুরশিদ ও রাজ বব্বরও এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেছেন, কী করে এমন লেখা ছাপা হয়, তা কংগ্রেসের খতিয়ে দেখা দরকার।