ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার পঞ্চম দফা নির্বাচনে আগামীকাল শনিবার শক্ত পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা লড়ছেন দক্ষিণ কলকাতার ভবানীপুর আসন থেকে। সিপিএম-কংগ্রেস জোটের দীপা দাসমুন্সী এবং বিজেপির প্রার্থী নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি চন্দ্রকুমার বসু মমতার দিকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
২০১১ সালে বিধানসভার উপনির্বাচনে ভবানীপুরের এ আসনে ৫৪ হাজার ভোটের ব্যবধানে সিপিএম প্রার্থীকে হারিয়ে জয়ী হন মমতা। তবে তখনকার সেই পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। গত নির্বাচনে মমতার বিরুদ্ধে তেমন কোনো শক্তিশালী প্রার্থী ছিলেন না। সে সময়কার নির্বাচনে পশ্চিমবঙ্গে বামবিরোধী জোয়ার উঠেছিল রাজনীতির ময়দানে। এবার সেই জোয়ারের তোড় কমে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সারদা ও নারদ কেলেঙ্কারি এবং সাম্প্রতিক সময়ে উড়ালসড়ক ধসে মৃত্যুর ঘটনা।
শুধু মমতার আসন নয়, দক্ষিণ কলকাতার বালিগঞ্জ, রাসবিহারী, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম আসনেও এবার ভালো লড়াই হবে। বালিগঞ্জ আসনে লড়ছেন তৃণমূলের বিদায়ী মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর প্রতিপক্ষ কংগ্রেসের কৃষ্ণা দেবনাথ। বেহালা পূর্বের তৃণমূলের প্রার্থী কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে প্রার্থী মমতার সরকারের হাতে নিগৃহীত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। অম্বিকেশকে সমর্থন জানিয়েছে কংগ্রেস-বাম জোট।