নিজের ইচ্ছায় আসেননি জয়ললিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়ললিতা
জয়ললিতা

অভিনয়ে এসে জয়ললিতা যেমন লাখো দর্শকের মন জয় করেছেন, তেমনি রাজনীতিতে এসে নিজেকে নিয়ে গেছেন রাজকীয় আসনে। তবে কোনোটিতেই নিজের ইচ্ছায় আসেননি।

২০০৯ সালে দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়ললিতা বলেছিলেন, ‘আমি সিনেমাকে ঘৃণা করি। কিন্তু আমার মা জোর করে আমাকে চলচ্চিত্রে ঢোকায়। আর মারুদুর গোপালান রামাচন্দ্রন (এমজিআর) আমাকে রাজনীতিতে অনেকটা জোর করে নিয়ে আসেন। আমি এখনো রাজনীতিকে অপছন্দ করি।’ এআইএডিএমকের স্রষ্টা এম জি রামাচন্দ্রন। ছকবাঁধা চলচ্চিত্রের জীবন থেকে নিজেকে সরিয়ে রাজনীতিতে প্রবেশ করেন পরামর্শদাতা এম জি রামাচন্দ্রনের পরামর্শে।

কখনো একা লাগে কি না—জানতে চাইলে জয়ললিতা তাঁর ঘনিষ্ঠ বন্ধু শশীকলার নাম উল্লেখ করে বলেন, ‘আমার একটি বোন আছে, যে আমার যত্ন করে থাকে। মা বেঁচে থাকলে আমার দেখভাল করতেন। আমার জন্য দলের কর্মীরা আছেন।’

কঠোর নিয়মশৃঙ্খলার মধ্যে পড়াশোনা করেন জয়ললিতা। প্রথমে বেঙ্গালুরুর বিশপ কটনে ও পরে চেন্নাইয়ে চার্চ পার্কে পড়াশোনা করেন। বিভিন্ন ভাষায় দক্ষতা ছিল তাঁর। অত্যন্ত মেধাবী এই শিক্ষার্থী বড়মাপের আইনজীবী হতে চেয়েছিলেন।

কিন্তু পারিবারিক পরিস্থিতিতে তিনি চলচ্চিত্রে জগতে পা রাখেন। প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান তামিল ‘ভেন্নিরা আদায়’ ছবিতে। যদিও কন্নড় ছবিতে তিনি শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করেন। কিন্তু কখনো এই রঙিন জগতে আসতে চাননি। এ জন্য পরিবারের লোকজনের সঙ্গে অনেক লড়াই করেছিলেন, কিন্তু লাভ হয়নি। সাক্ষাৎকারে সেসব দিনের কথা টেনে বলেছিলেন, ‘আমি বাড়িতে তুলকালাম বাধিয়ে দিয়েছিলাম। আমি লড়াই করেছি, কেঁদেছি, এরপরও এই জগতে আসতে হয়েছে।’

জয়ললিতার পরিবার তামিলনাড়ুর তিরুচিরাপাল্লি জেলার শ্রীরাংগামের হলেও তাঁর দাদু (বাবার বাবা) বেঙ্গালুরুতে থিতু হন। সেখানে তিনি হিন্দুস্তান এরানটিক্সে কাজ করতেন। তাঁর বাবা ছিলেন আইনজীবী। কিন্তু বাবার আদর তাঁর কপালে জোটেনি। দুই বছর বয়সেই বাবা মারা যান। তাঁর মা আয়কর বিভাগে কাজ করতেন। তবে পরে চলচ্চিত্রে যোগ দেন।

জয়ললিতার আত্মজীবনী ‘আম্মা: জয়ললিতা’স জার্নি ফ্রম মুভি স্টার টু পলিটিক্যাল কুইন’-এর লেখক বাসন্তী। তিনি বলেন, ‘যখন তিনি (জয়ললিতা) “ভেন্নিরা আদায়” ছবিতে অভিনয় করেন, তখনই পরিচালক বি আর পানথুলু তাঁর “আয়িরাথিল ওরুভান” ছবির জন্য এই অভিনেত্রীর সঙ্গে চুক্তিবদ্ধ হন। এখানে তাঁর বিপরীতে ছিলেন ৩৫ বছরের বড় ম্যাটিনি আইডল এমজিআর।’

তবে আয়িরাথিল ওরুভান ছবির ৫০ বছর পূর্তি উপলক্ষে এক বিবৃতিতে জয়ললিতা বলেছিলেন, এই চলচ্চিত্রটি তাঁকে রাজনীতিতে আসার পথ তৈরি করে দিয়েছে। তিনি বলেন, ‘এটি একটি সফল ছবি। এর মধ্য দিয়েই এমজিআরের সঙ্গে দেখা ও আলোচনার সুযোগ হয়েছে। এই ছবিটি আমাকে রাজনীতিতে আসার পথ তৈরি করে দিয়েছে বলাটা মোটেও বেশি বলা হবে না।’

এরপর এমজিআরের বিপরীতে ২৮টি ছবিতে অভিনয় করেছেন জয়ললিতা। এমজিআরের বিপরীতে নায়িকা হিসেবে তিনি সবচেয়ে বেশি ছবিতে কাজ করেছেন। তবে ১৯৭৩ সালে এই জুটির অভিনয়ে ভাটা পড়ে। তবে এর ছয় বছর পর ১৯৮২ সালের ৪ জুন আবারও তাঁর বিপরীতে অভিনয়ে চুক্তিবদ্ধ হন। তত দিনে জয়ললিতা অল ইন্ডিয়া আন্না মুনেত্রা কাজাঘমের (এআইএডিএমকে) সদস্য।

১৯৮৪ সালের ২৪ মার্চ তিনি রাজ্যসভার মনোনীত হন। সেখানে তাঁর আসন নম্বর ছিল ১৮৫; যা একসময় ছিল ডিএমকের প্রতিষ্ঠাতা সি এন আন্নাদুরাইয়ের।

ইন্ডিয়া টুডের খবরে জানানো হয়, অভিনেতা, রাজনীতিবিদ মারুদুর গোপালান রামাচন্দ্রনের মৃত্যুর পরই দলের হাল ধরেন জয়ললিতা। রামাচন্দ্রনের মতো ‘ত্রাতা হিসেবে’ আসেন তিনি। ক্ষমতায় আসার পর তিনি স্বেচ্ছাচারীতে পরিণত হন। গণতান্ত্রিক চর্চাকে দূরে সরিয়ে রাখেন। তিনি সরকারও চালিয়ে যান। রাজ্য শাসনে লক্ষ্য ও উদ্দেশ্য পূরণই ছিল মূল কথা। কিন্তু এত কিছুর পরও দারিদ্র্য দূর করার মতো বিভিন্ন বিষয় নিয়ে কাজ করায় তিনি জনপ্রিয় ছিলেন। নারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের কারণে তাঁর গ্রহণযোগ্যতা ছিল আকাশচুম্বী। অভিনেত্রীর ভাবমূর্তির চেয়ে জয়ললিতা শাসক হিসেবে নিজেকে বেশি বিকশিত করেন। রাজ্যে তাঁর ভাবমূর্তি কিংবদন্তির মতো।