নিজের বিজ্ঞাপনে ত্রাহি অবস্থা বিজেপির

আম আদমি পার্টিকে (এএপি) হেনস্তা করতে গিয়ে বিজেপিরই ত্রাহি ত্রাহি অবস্থা। দিল্লির ভোটের ঠিক আগে এই ঘটনার শিরোনাম অনায়াসেই ‘বিজ্ঞাপন বুমেরাং’ হতে পারে।
সাবেক মুখ্যমন্ত্রী এএপি নেতা অরবিন্দ কেজরিওয়ালকে অপদস্থ করতে বিজেপি রাজধানীর অধিকাংশ সংবাদপত্রে বিশাল একটা বিজ্ঞাপন ছাপায়। বিজ্ঞাপনের স্কেচে জনসভায় ভাষণ দিচ্ছেন কেজরিওয়াল। ছবির একদিকে আগের বছরে তাঁরই বলা কথা, যেখানে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের উদ্যাপনকে কটাক্ষ করছেন, অন্যদিকে এ বছর সেই একই অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় বিলাপ করছেন। কার্টুনে কেজরিওয়ালকে ‘নৈরাজ্যবাদী’ বর্ণনা করে হিন্দিতে লেখা, ওঁর কাজই হলো সব লন্ডভন্ড করা। ওঁর ‘গোত্র’ হলো ‘উপদ্রবি’।
ব্যস, এটাই হয়ে গেল কেজরিওয়ালের পড়ে পাওয়া চৌদ্দ আনা মহাস্ত্র। বিজেপি তাঁর ‘গোত্র’কে অসম্মান করেছে, গোটা আগরওয়াল জাতকে অপমান করেছে—এ হুংকার দিয়ে কেজরিওয়াল জানিয়ে দিলেন, নির্বাচন কমিশনের কাছে তাঁরা আপত্তি জানাবেন। প্রতিক্রিয়া এমন মারাত্মক হতে পারে, বিজেপি আঁচ করতে পারেনি। কেজরিওয়ালরাও যে এই বিজ্ঞাপনকে হাতিয়ার করে রাজধানীর বৈশ্য সমাজকে খেপিয়ে তুলবে, ভাবেনি তাও। এ বৈশ্য বা বানিয়া সমাজ বিজেপির ভোট ব্যাংক বলেই পরিচিত।
বিষয়টি বুমেরাং হয়ে গেছে বুঝতে পেরে গতকাল সোমবার সাতসকালেই বিজেপি নড়েচড়ে বসে। এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, বিজ্ঞাপনে মোটেই গোত্রকে উপদ্রবি বলা হয়নি। এখানে গোত্র ও উপদ্রবি শব্দ ব্যবহার হয়েছে কেজরিওয়ালের চরিত্র বোঝাতে, আগরওয়াল সমাজকে অপমান করতে নয়। বিজেপি নেতারা জানান, এই বিজ্ঞাপনকে জাতপাতের নিরিখে দেখে ভোটের স্বার্থে ব্যবহারের ‘হীন’ প্রচেষ্টার বিরুদ্ধে তাঁরা নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাবেন।
এএপি অবশ্য এসব সাফাইয়ের ধারকাছ দিয়েও হাঁটেনি। জাতটাই হয়েছে তাদের প্রধান ইস্যু। প্রচার ওই নিয়েই।
গোদের ওপর বিষফোড়ার মতো বিজেপির নতুন বিপত্তির নাম নরেন্দ্র ট্যান্ডন। নরেন্দ্রকে বিজেপি কিরণ বেদীর প্রধান নির্বাচনী এজেন্ট নিযুক্ত করেছিল। রোববার রাতে তিনি আচমকাই সেই পদ ছেড়ে তো দিলেনই, বিজেপি থেকেও ইস্তফা দিয়ে বসলেন। কেন? চিঠিতে কারণ, ‘কিরণ বেদীর স্বৈরতন্ত্রী মনোভাব’। কিরণ বেদীর বিরুদ্ধে এই অভিযোগ অনেক দিনের। বিজেপির দিল্লি নেতারা যে তাঁকে পছন্দ করছেন না, তার একটা প্রধান কারণই হলো ওঁর ‘হিটলারি চালচলন’। ট্যান্ডনকে বোঝাতে সোমবার তাঁর সঙ্গে দেখা করেন বিজেপি সভাপতি অমিত শাহ। শোনা যাচ্ছে দলে ফিরতে ট্যান্ডন নিমরাজি।