নিজের রেকর্ডই ভাঙতে চান চামলিং

টানা ২৫ বছর মুখ্যমন্ত্রীর কুর্সিতে তিনি। টানা ৭ বার জিতেছেন বিধানসভায়। এটি একটি রেকর্ড। নিজের রেকর্ড ভেঙে আবার নতুন রেকর্ড গড়ার মুখে সিকিমের মুখ্যমন্ত্রী ও সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের (এসডিএফ) প্রধান পবনকুমার চামলিং।
ছোট্ট রাজ্য সিকিম। ভারতের একমাত্র রাসায়নিকমুক্ত রাজ্য এটি। শুধু তাই নয়, তিস্তার পানিকে শাসন করে বিদ্যুৎ উৎপাদন বা প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটনের বিকাশ থেকে শুরু করে সার্বিক উন্নয়নে ভারতের বড় বড় রাজ্যকেও টেক্কা দিচ্ছে সিকিম।
প্রয়াত কমিউনিস্ট নেতা জ্যোতি বসু পশ্চিমবঙ্গে টানা ৫ বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তবে ২৫ বছর তিনিও মুখ্যমন্ত্রিত্ব করেননি। সেই রেকর্ড চামলিং ভেঙেছেন আগেই। এবার জিতলে টানা ছয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৬৮ বছরের চামলিং।
সিকিমের একমাত্র লোকসভা আসনের সঙ্গে আছে ৩২ সদস্যের রাজ্য বিধানসভার ভোট। গতবার ৩২টির মধ্যে চামলিংয়ের এসডিএফ জেতে ২২টি আসনে। পরে বিরোধীদের সাত বিধায়কও যোগ দেন এসডিএফে।
এবার সিঙ্গিয়াং ও কামরাং আসনে লড়ছেন চামলিং। ১১ এপ্রিল ভোট হবে। রাজ্যের ৪ লাখ ২৩ হাজার ১৬৭ জন নাগরিক ৫৬৭টি বুথে ভোট দেবেন। ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে।
চামলিংয়ের এসডিএফ বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সদস্য হলেও এবারের ভোটে কোনো জোট হয়নি। ৩২টি বিধানসভা ও একটি লোকসভা কেন্দ্রে একাই লড়ছে এসডিএফ। অন্যদিকে বিজেপি জোট করেছে রাজ্যের বিরোধী দল সিকিম ক্রান্তিকারী মোর্চার সঙ্গে। সেই সঙ্গে ভারতের ফুটবল তারকা বাইচুং ভুটিয়াও হামারো সিকিম পার্টি গড়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন।
ভোট গণনা হবে আগামী ২৩ মে। সেদিনই বোঝা যাবে নিজের রেকর্ড ভাঙতে পারলেন কিনা সিকিমের ‘মুকুটহীন সম্রাট’ পবন চামলিং। না পারলে ক্ষমতা হাতছাড়া হবে। তবু রেকর্ড থাকবে তাঁরই দখলে।