নিতিন গড়কারিকে নির্বাচন কমিশনের নোটিশ
ঘুষ নিয়ে ভোট দিতে ভোটারদের প্রলুব্ধ করার অভিযোগে ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাহাজমন্ত্রী নিতিন গড়কারিকে নোটিশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।
আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে জানানো হয়, নোটিশে আগামীকাল ৮ অক্টোবর সন্ধ্যার মধ্যে গড়কারিকে নির্বাচনী প্রচারের সময় দেওয়া এক বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে কমিশন। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কমিশন।
৫ অক্টোবর মহারাষ্ট্রের নিলাঙ্গা নির্বাচনী এলাকার লাতুরে বিজেপির এক প্রার্থীর পক্ষে নির্বাচন শোভাযাত্রায় গড়কারি আপত্তিকর বক্তব্য দেন বলে নির্বাচন কমিশন থেকে পাঠানো নোটিশে উল্লেখ করা হয়। নোটিশে বলা হয় , লাতুরে গড়কারি যে বক্তব্য দিয়েছেন, এতে কেউ ঘুষ দিতে চাইলে ভোটারদের তা গ্রহণ করতে বলেছেন তিনি। ঘুষ নেওয়ার পর কাকে ভোট দিতে চান—এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিনি ভোটারদের আহ্বান জানান।
বিজেপির সাবেক সভাপতি নিতিন গড়কারি নাগপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। এর আগেও কয়েকবার বেপরোয়া মন্তব্য করে তিনি বিতর্কের জন্ম দেন।