নিবন্ধন ফি ১ কোটি ৬০ লাখ রুপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেভেন সিরিজের একটি বিএমডব্লিউ
সেভেন সিরিজের একটি বিএমডব্লিউ

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির জন্য কেনা হয়েছে বিলাসবহুল একটি সেভেন সিরিজের বিএমডব্লিউ গাড়ি। এর জন্য নিবন্ধন ফি-ই পড়েছে ১ কোটি ৬০ লাখ রুপি। খবর এনডিটিভির।
আম্বানিদের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (আরআইএল) নামে মুম্বাইয়ের মোটর ভেহিকেলস বিভাগে গাড়িটির নিবন্ধন করা হয়েছে। ভারতে এখন পর্যন্ত এটাই গাড়ির সর্বোচ্চ নিবন্ধন ফি।
নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, ‘আমরা গাড়ির দামের শতকরা ২০ ভাগ নিবন্ধন ফি নিয়ে থাকি। এ ক্ষেত্রেও তাই করা হয়েছে।’
এমনিতে ভারতে ওই মডেলের বিএমডব্লিউ গাড়ির দাম এখন ১ কোটি ৯০ লাখ রুপি। কিন্তু এটি আর দশটা বিএমডব্লিউ নয়। আম্বানির নিরাপত্তার জন্য গাড়িটি জার্মানি থেকে বিশেষভাবে তৈরি করে আনা হয়েছে। এটি সম্পূর্ণ বুলেটপ্রুফ। এ কারণে দামের সঙ্গে যুক্ত হয়েছে ৩০০ শতাংশ আমদানি শুল্ক। সব মিলিয়ে গাড়ির দাম দাঁড়িয়েছে ৮ কোটি ৫০ লাখ রুপি।
ই-মেইলে হুমকি পাওয়ার পর ২০১৩ সাল থেকে মুকেশ আম্বানিকে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়। সশস্ত্র কমান্ডোরা দেশের অন্যতম শীর্ষ এ ব্যবসায়ী ও শিল্পপতির নিরাপত্তার দায়িত্ব পালন করে।