নিয়োগ পরীক্ষায় দুর্নীতির তদন্ত সিবিআইয়ের হাতে
আলোড়ন তোলা ব্যপম (ব্যবসায়িক পরীক্ষা মণ্ডল) দুর্নীতির তদন্তের ভার শীর্ষ গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। মধ্যপ্রদেশ সরকারের বিভিন্ন পদে নিযুক্তি সংক্রান্ত এই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে রাজ্যের রাজ্যপাল রাম নরেশ যাদব এবং কেন্দ্র ও রাজ্য সরকারকেও গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়েছেন। চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে। সিবিআইয়ের এই তদন্ত সুপ্রিম কোর্টের নজরদারিতে হবে কি না, সর্বোচ্চ আদালত তা ঠিক করবেন ২৪ জুলাই।
সুপ্রিম কোর্টের এই আদেশ কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির কাছে এক বড় ধাক্কা। যদিও মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে বলেছেন, তাঁরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কংগ্রেস নেতা এবং মামলার অন্যতম আবেদনকারী দিগ্বিজয় সিং বলেছেন, সিবিআইকে দায়িত্ব দেওয়ার এই বোধোদয় দুই বছর আগে হলে এতগুলো রহস্যমৃত্যু ঘটত না।
মধ্যপ্রদেশ সরকারের ব্যবসায়িক পরীক্ষা মণ্ডল (ব্যপম) রাজ্য সরকারের বিভিন্ন নিযুক্তি-সংক্রান্ত পরীক্ষার আয়োজন করে সফল প্রার্থীদের নিযুক্তির ব্যবস্থা করে থাকে। অভিযোগ, ১০ বছর ধরে রাজনীতিক, ব্যবসায়ী, পুলিশ এবং আমলাদের একাংশ দুর্নীতির আশ্রয় নিয়ে বিপুল অর্থের বিনিময়ে নিযুক্তি দিয়ে আসছেন। রাজভবন পর্যন্ত এই দুর্নীতির আখড়া হয়ে উঠেছিল বলে অভিযোগ। রাজ্যপাল রাম নরেশ যাদবের বিরুদ্ধে সরাসরি অভিযোগ দাখিল হয়। কিন্তু রাজ্য হাইকোর্ট রাজ্যপালের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে তাঁকে জেরা করার ওপরেও নিষেধাজ্ঞা জারি করেন। রাজ্যপালকে কেন জেরা করা যাবে না সেই আবেদনের শুনানিতেই সুপ্রিম কোর্টের নোটিশ। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন। রাজনাথ গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন।
ব্যপম কেলেঙ্কারি শুধু অনৈতিক ও টাকাপয়সার অবৈধ লেনদেনেই সীমাবদ্ধ নয়, এই কেলেঙ্কারি জানাজানি হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনো না কোনোভাবে যুক্ত থাকা ৪৮ জনের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে।
নরেন্দ্র মোদির সরকার তার প্রথম বর্ষপূর্তির পরেই একের পর এক সমস্যায় বিব্রত। ললিত মোদির বিদেশ পাড়ি জমানো নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের ইস্তফার দাবিতে বিরোধীদের একাংশ এখনো সরব। ব্যপম কেলেঙ্কারিতে সুপ্রিম কোর্টের রায়ের পর সেই তালিকায় ঢুকেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ২১ জুলাই শুরু হতে যাওয়া সংসদের বর্ষাকালীন অধিবেশন এ নিয়ে উত্তপ্ত হয়ে উঠবে।