
ইউরোপ সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাওয়া ভারতের অধিকার। বৈশ্বিক শান্তিতে বিশাল ভূমিকার জন্যই ভারত এ পদ পেতে পারে। গত শনিবার ফ্রান্সে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন মোদি। খবর এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডের।
প্রায় দুই হাজার দর্শকের সামনে হিন্দিতে দেওয়া ভাষণে মোদি বলেন, ‘সেদিন আর নেই যে ভারত এই পদের জন্য অন্যের মুখাপেক্ষী হবে। আমরা আমাদের অধিকার চাইছি। আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে বলছি, বিশ্ব শান্তির দূতদের সম্মানিত করুন। ভগবান বুদ্ধ আর মহাত্মা গান্ধীর পুণ্যভূমিকে তাদের প্রাপ্য দেওয়া উচিত।’
মোদি বলেন, ‘ভারত তার হাজার বছরের ইতিহাসে কখনো কোনো রাষ্ট্রে আগ্রাসন চালায়নি। আমাদের দেশ শান্তিপ্রিয়।’
তিন দেশ সফরের শুরুতে মোদি গত বৃহস্পতিবার রাতে ফ্রান্স যান। চার দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে তিনি গতকাল রোববারই জার্মানি গেছেন। সেখান থেকে যাবেন কানাডায়।
ফ্রান্স সফরে মোদির অন্যতম লক্ষ্য ছিল রাফায়েল যুদ্ধবিমান কেনায় রফা করা, অবকাঠামো ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি খাতে বিনিয়োগ আকর্ষণ এবং পরমাণু জ্বালানি খাতে চুক্তি। সফরে ভারত ফ্রান্সের কাছ থেকে ৩৬টি সম্পূর্ণ তৈরি রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি করে। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে বৈঠকের পর গত শনিবার এই যুদ্ধবিমান কেনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী মোদি। আগামী দুই বছরের মধ্যে এই বিমানগুলো ভারতের বিমানবাহিনীর বহরে যুক্ত হবে।
মোদি ফ্রান্সের নামজাদা ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করেন। সে সময় তিনি ভারতে বিনিয়োগ করার আহ্বান জানান। এ ছাড়া ভারতের প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুবরো লিমিটেড (এলঅ্যান্ডটি) ও ফ্রান্সের পরমাণুসামগ্রী তৈরির প্রতিষ্ঠান আরেভার মধ্যে পরমাণু জ্বালানি কেন্দ্রের সরঞ্জাম সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দীর্ঘদিনের আলাপ-আলোচনার পর মোদির সফরে এটি স্বাক্ষরিত হলো। এর আওতায় ফ্রান্সের প্রতিষ্ঠানটি ভারতের মহারাষ্ট্রের জয়তাপুরে নির্মিতব্য ছয়টি পরমাণু চুল্লির সরঞ্জাম সরবরাহ করবে। মোদি এ সফরে উড়োজাহাজ নির্মাণপ্রতিষ্ঠান এয়ারবাসের কারখানাও পরিদর্শন করেন। এয়ারবাস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা টম অ্যান্ডার্স ভারতের কারখানায় উড়োজাহাজ নির্মাণে আগ্রহ প্রকাশ করেন।
ফ্রান্স সফর শেষে ভারতের প্রধানমন্ত্রী গতকাল জার্মানি পৌঁছেছেন। তিনি সেখানে হ্যানোভার শিল্প মেলার উদ্বোধন করবেন এবং জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের দেওয়া নৈশভোজে যোগ দেবেন। আজ সোমবার দুই নেতা ভারত-জার্মানি প্রদর্শনীতে যাবেন। সেখানে ভারতের ৪০০টির বেশি স্টল আছে। মোদি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রবাসী আত্মীয়দের সঙ্গেও সাক্ষাৎ করবেন।