নিরাপত্তা বাহিনীর গাড়িতে জঙ্গি হামলা, নিহত ৪
ভারতের আসামে নিরাপত্তা বাহিনীর গাড়িতে জঙ্গিরা গ্রেনেড হামলা চালিয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার আসামের তিনসুকিয়া জেলার জাগুন ১২ মাইল বড়বসতি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ওই এলাকাটি অরুণাচল প্রদেশ ও ইন্দো-মিয়ানমার সীমান্তের কাছে অবস্থিত। ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে আজ এ জঙ্গি হামলার ঘটনা ঘটল।
নাম প্রকাশ না করার শর্তে প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র বলেন, জঙ্গিরা আসাম রাইফেলসের গাড়ি লক্ষ্য করে কয়েকটি গ্রেনেড ছোড়ে। এতে ঘটনাস্থলে বাহিনীর দুই কর্মকর্তা নিহত ও তিনজন আহত হন। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে দুই জঙ্গি নিহত হয়।
প্রতিবেদনে বলা হয়, বন্দুকযুদ্ধের পরপরই ইন্দো-মিয়ানমার সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ওই অঞ্চলের জঙ্গলে পালানো অন্য জঙ্গিদের ধরতে হেলিকপ্টারে অভিযান চালানো হচ্ছে। ওই এলাকায় তিন দিনব্যাপী স্থানীয় পাংসাউ পাস উৎসবের আজ শেষ দিন ছিল। এ অভিযানের কারণে সেখানে অংশ নেওয়া পর্যটকেরা মহাসড়কে আটকা পড়েছেন।
নিষিদ্ধঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা-আই) এক বিবৃতিতে দাবি করেছে, আরও চারটি সংগঠনসহ যৌথভাবে তারা এ হামলা চালিয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।
এক যৌথ বিবৃতিতে উলফার কমান্ডার পরেশ অসম (বড়ুয়া) ও কো-অর্ডিনেশন কমিটির চেয়ারম্যান এম এম নগুবা দাবি করেছেন, এ হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর দুই বা ততোধিক কর্মকর্তা আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে হামলাকারীরা তিনটি রাইফেল নিয়ে গেছে। তাদের দাবি, পিপলস রেভল্যুশনারি পার্টি অব কাংলেইপাক, পিপলস রেভল্যুশনারি পার্টি অব কাংলেইপাক প্রগ্রেসিভ, রেভল্যুশনারি পিপলস ফ্রন্ট, ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট ও উলফা যৌথভাবে এ হামলা চালিয়েছে।