নিরাপত্তা বাহিনীর পাশে দাঁড়ালেন ক্যামেরন
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) শিরশ্ছেদকারী ‘জিহাদি জন’-এর মুখোশবিহীন ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ব্রিটেনের নিরাপত্তা বাহিনীর পাশে দাঁড়িয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ‘জিহাদি জন’ হলেন লন্ডন থেকে স্নাতক (সম্মান) ডিগ্রি নেওয়া মোহাম্মেদ এমওয়াজি। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই ৫ এর আগে তাঁকে পর্যবেক্ষণে রেখেছিল।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, গণমাধ্যমের খবর ও বিশেষজ্ঞদের মতে, এমওয়াজি সিরিয়া ও ইরাকে অন্তত পাঁচজন পশ্চিমা বন্দীকে শিরশ্ছেদ করেছেন। তাঁর এই হত্যাকাণ্ড কোথায় গিয়ে থামতে পারে, তা এখন দেখার বিষয়।
কম্পিউটার সায়েন্সে স্নাতক কুয়েতি বংশোদ্ভূত এমওয়াজি যুক্তরাজ্য ত্যাগ করার আগে ব্রিটিশ গোয়েন্দাদের নজরে ছিলেন। ২০০৯ সাল থেকে এমআই ৫ তাঁকে অনুসরণ করছিল।
কর্তৃপক্ষ এখনো এমওয়াজির পরিচয়ের ব্যাপারে পাওয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেনি। গতকাল শুক্রবার ক্যামেরন বলেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে মিলে যা কিছু করা সম্ভব, আমরা সবই করব। এ অবস্থা নিয়ন্ত্রণ করা হবে। তিনি বলেন, সব সময় নিরাপত্তা বাহিনীকে অবিশ্বাস্যভাবে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়। আমি মনে করি, তারা আমাদের পক্ষে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।