নিরাপত্তারক্ষীকে হত্যা, ব্যবসায়ীর ৩৮ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেরালায় নিরাপত্তারক্ষীকে হত্যার দায়ে ধনাঢ্য ব্যবসায়ী মোহাম্মদ নিশামকে ৩৮ বছরের কারাদণ্ড ও ৭১ লাখ রুপি জরিমানা করেছেন আদালত। ৭১ লাখ রুপির মধ্যে ৫০ লাখ রুপি ​ওই নিরাপত্তারক্ষীর স্ত্রীকে দিতে হবে। গতকাল বুধবার ভারতের একটি আদালত এই রায় দেন। এনডিটিভি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়। 

চন্দ্র বোস নামের ওই নিরাপত্তারক্ষী ব্যবসায়ী মোহাম্মদ নিশামের মালিকানাধীন বিলাসবহুল আবাসিক এলাকায় কর্মরত ছিলেন। এক বছর আগে প্রধান ফটক খুলতে দেরি করায় নিশাম ওই নিরাপত্তারক্ষীকে গাড়ি দিয়ে ধাক্কা দেন। এতে দেয়ালে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন ওই নিরাপত্তারক্ষী। পরে তিন সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। এ ঘটনায় মামলা হলে গত বছরের জানুয়ারিতে নিশামকে গ্রেপ্তার করা হয়।
মামলার কৌঁসুলি আদালতে ওই নিরাপত্তারক্ষীর পরিবারের জন্য পাঁচ কোটি রুপি দাবি করেছিলেন। ৩৯ বছর বয়সী নিশামকে কেরালার ‘ব্যবসার রাজা’ বলা হয়। নিশামের মোট সম্পদের পরিমাণ পাঁচ হাজার কোটি রুপি।
এই রায়ে হতাশা প্রকাশ করে নিরাপত্তারক্ষীর স্ত্রী জমানথি বলেন, ‘নিশাম আবার বেরিয়ে আসবেন এবং জেলেও তাঁকে সমাদর করা হবে। আমরা তার ফাঁসি চেয়েছিলাম। বাস্তবতা হলো, আমি হারিয়েছি আমার স্বামী ও আমার বাচ্চারা হারিয়েছে তাদের বাবাকে।’
‘মানসিক ব্যাধি’ আছে—মর্মে নিশামের আইনজীবী আদালতে সাজা কমানোর আবেদন করলেও আদালত তা গ্রহণ করেননি। নিশামের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।