ভারতের পাঞ্জাব প্রদেশের পাঠানকোটে বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনায় সন্দেহভাজন পুলিশ কর্মকর্তা সালবিন্দর সিংকে নির্দোষ ঘোষণা করা হচ্ছে। বিভিন্নভাবে তদন্ত করে তাঁর বিরুদ্ধে কোনো কিছু না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাপ্তরিক সূত্রে জানা গেছে। খবর পিটিআইর।
পাঠানকোট বিমানঘাঁটিতে গত জানুয়ারির হামলায় পাঞ্জাব জেলার পুলিশ সুপার সালবিন্দর সিংয়ের গাড়িটি ব্যবহার করেছিল সন্ত্রাসীরা। সালবিন্দরের দাবি, সন্ত্রাসীরা পথে অস্ত্রের মুখে তাঁর কাছ থেকে গাড়িটি ছিনিয়ে নিয়ে যায়। কিন্তু আফগানিস্তান থেকে ভারতে মাদক পাচারের অন্যতম প্রধান রুট হওয়ায় পাঞ্জাব আর এখানকার পুলিশের কেউ কেউ এতে সম্পৃক্ত থাকায় কর্তৃপক্ষের সন্দেহের আওতায় ছিলেন সালবিন্দর। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) মূলত এটাই খতিয়ে দেখছিল যে মাদক চোরাকারবারিদের সঙ্গে জেলার শীর্ষ এই পুলিশ কর্মকর্তার কোনো প্রকার যোগসাজশ আছে কি না। কারণ, আন্তর্জাতিক কোনো মাদক চোরাকারবারি চক্রের মাধ্যমেও সালবিন্দর সিং পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহম্মদের সংস্পর্শে গিয়ে থাকতে পারেন।
তবে দাপ্তরিক সূত্রগুলো বলছে, মিথ্যা কথা ধরে ফেলার কৌশল ‘লাই-ডিটেক্টর’ পরীক্ষাসহ নানাভাবে তদন্ত করেও এনআইএ সালবিন্দর সিংয়ের বিরুদ্ধে যায়, এমন কিছুই পায়নি।