নির্বাচন কমিশনকে আঘাত করা অনভিপ্রেত: কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভারতের নির্বাচন কমিশনকে আক্রমণ করছেন তা অনভিপ্রেত বলে অভিযোগ করেছে কংগ্রেস। সাংবিধানিক পদে থেকে এভাবে নির্বাচন কমিশনকে আক্রমণ করা ঠিক নয় বলে অভিযোগ করে দলটি। 

আজ শনিবার দুপুরে পশ্চিমবঙ্গের কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, এবারে অন্যায়ের বিরুদ্ধে রায় দেবে এই রাজ্যের মানুষ। নারদ-কাণ্ডে টাকা নেওয়ার ঘটনা সত্য হলে মমতাকে জবাব দিতে হবে। অধীর চৌধুরী প্রশ্নও তুলেছেন, কেন তিনি নারদ-কাণ্ডের তদন্ত চাইছেন না।
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল শুক্রবার জলপাইগুড়িতে দলীয় কর্মিসভায় বলেছেন, পশ্চিমবঙ্গের নির্বাচন পশ্চিমবঙ্গের পুলিশ করবে না-তো কে করবে? তাহলে কি ওবামাকে ধরে আমেরিকা থেকে পুলিশ আসবে? ভুলে গেলে চলবে না যে পশ্চিমবঙ্গে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার রয়েছে।