ভারতের পশ্চিমবঙ্গের অস্থায়ী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন রাজ্যের পরিবহনসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এই নিযুক্তিকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। আলাপনের নিযুক্তির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস ও সিপিএম। তাদের যুক্তি, রাজ্য নির্বাচন কমিশন একটা স্বশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠান। রাজ্য সরকারের অধীনে থাকা কোনো কর্মকর্তাকে এ দায়িত্ব দেওয়া যায় না। কারণ, তাতে কমিশনের নিরপেক্ষতা রক্ষা করা যায় না।
এ বিতর্কের মুখেই গতকাল বুধবার সন্ধ্যায় জানা যায়, পরিবহনসচিবের পদ আপাতত ছেড়ে দিচ্ছেন আলাপন। রাজ্যের মুখ্য সচিব সঞ্জয় মিত্র পরিবহনসচিবের দায়িত্ব পালন করবেন।
রাজ্য নির্বাচন কমিশনার ছিলেন সুশান্তরঞ্জন চট্টোপাধ্যায়। পুরভোটে প্রবল হিংসা, সাংবাদিক নিগ্রহ, পুনর্নির্বাচনের দাবি এবং শেষ পর্যন্ত শাসক দলের চার মন্ত্রীর শাসানি-হুমকির চাপ সইতে না পেরে গত মঙ্গলবার সুশান্তরঞ্জন ইস্তফা দেন। গণনাসহ পুরভোট প্রক্রিয়া শেষ না হওয়ায় তাঁর ইস্তফায় আচমকাই সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছে। সেই সংকট কাটাতেই আলাপনের অস্থায়ী নিযুক্তি, যাকে কেন্দ্র করে উঠেছে সাংবিধানিক প্রশ্ন।
দেশের সংসদ ও বিধানসভার ভোট পরিচালনার দায়িত্বে থাকে ভারতের নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের পৌরসভা ও ত্রিস্তর পঞ্চায়েত ভোট পরিচালনা করে থাকে। লোকসভা ও বিধানসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হলেও স্থানীয় পর্যায়ের ভোটে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকে সম্পূর্ণভাবে রাজ্য পুলিশের হাতে। চলতি মাসের ৩ তারিখে আসানসোল, বালি, কলকাতার বিধাননগর পৌরসভার ভোটে মাত্রাছাড়া হিংসায় সুশান্তরঞ্জনের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেন রাজ্যের বিরোধীরা। সেই দাবি মেনে গতকালের (৭ অক্টোবর) ভোট গণনা স্থগিত রাখার নির্দেশ দেন সুশান্তরঞ্জন। পাশাপাশি তিনি মৌখিকভাবে জানিয়েছিলেন, ৮ অক্টোবর পুনর্নির্বাচন ও ৯ অক্টোবর গণনা হবে। এর প্রতিবাদে শাসক তৃণমূল কংগ্রেস রাজ্য নির্বাচন কমিশনে বিক্ষোভ দেখায়। দিশেহারা সুশান্তরঞ্জন শেষ পর্যন্ত মঙ্গলবার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির কাছে ইস্তফা দেন।
সুশান্তরঞ্জন যখন চাপে দিশেহারা হয়ে পদত্যাগ করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন সরকারি সফরে ভুটানে। আলাপন তাঁর সফরসঙ্গী। আচমকা এই পদত্যাগে মুখ্যমন্ত্রী আলাপনকে নির্দেশ দেন কলকাতায় গিয়ে অস্থায়ীভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব নিতে। সে অনুযায়ী গতকাল সকালে কলকাতায় ফিরে আলাপন সেই দায়িত্ব গ্রহণ করেন। সন্ধ্যায় নবান্ন সূত্রে জানা যায়, বিতর্ক এড়াতে তিনি পরিবহনসচিবের পদ আপাতত ছেড়ে দেবেন।
কিন্তু তাতেও প্রশ্ন উঠছে অস্থায়ীভাবে দায়িত্ব গ্রহণ নিয়ে। কারণ, বিরোধীরা বলছেন, অস্থায়ী নির্বাচন কমিশনার, যিনি মেয়াদ শেষে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করবেন, তাঁর পক্ষে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব নয়।