ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে গোয়া ও মণিপুরে নির্বাচন ‘হাতিয়ে নেওয়ার’ অভিযোগ তুলেছে কংগ্রেস। এ দুই রাজ্যের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিজেপি। তারপরও তারা ছোট দল এবং স্বতন্ত্র বিধায়কদের পক্ষে টেনে রাজ্য দুটিতে সরকার গড়ার পথে অনেকখানিই এগিয়ে গেছে। সাবেক অর্থমন্ত্রী ও কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা পি চিদাম্বরম দৃশ্যত এরই পরিপ্রেক্ষিতে ওই অভিযোগ করেছেন।
এদিকে গোয়ায় বিজেপির সরকার গঠন রুখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। শীর্ষ আদালতে গতকাল এক পিটিশনে রাজ্য কংগ্রেস বলেছে, রাজ্যে এককভাবে সবচেয়ে বেশি আসন পেয়েছে তারা। অথচ সরকার গঠনের জন্য বিজেপিকে আমন্ত্রণ জানানো হয়েছে, এটা অবৈধ। এ বিষয়ে আজ মঙ্গলবার সকালে শুনানি হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট।
এবারের বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশে ৪০৩টি আসনের ৩২৫টিতেই জয় পেয়েছে বিজেপি জোট। উত্তরাখন্ডের ৭০টি আসনের মধ্য দলটি জিতেছে ৫৭টিতে। আর ১১৭ আসনের পাঞ্জাব বিধানসভায় কংগ্রেস জিতেছে বেশি আসন (৭৭টি)। গোল বেধেছে গোয়া আর মণিপুরে। গোয়ায় ৪০টি আসনের ১৮টি জিতে এগিয়ে রয়েছে কংগ্রেস। এখানে বিজেপি ১৩টি এবং অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ১০টি আসনে। মণিপুরেও ৬০ আসনের মধ্যে ২৮টিতে জয় পেয়ে এগিয়ে রয়েছে কংগ্রেস। বিজেপি ২১টি এবং অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ১১টি আসনে।
কিন্তু এরই মধ্যে গোয়া হাতছাড়া হয়ে গেছে কংগ্রেসের। সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে কেন্দ্রের প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগও করে ফেলেছেন মনোহর পারিকর। রাজ্যের গভর্নরের কাছ থেকে আজ মঙ্গলবার সন্ধ্যায় শপথ নিতে তিনি আমন্ত্রণও পেয়ে গেছেন। এই পরিস্থিতে মণিপুরকে ধরে রাখতে মরিয়া কংগ্রেস। এরই মধ্যে রাজ্যের গভর্নর নাজমা হেপতুল্লার সঙ্গে বিজেপি আর কংগ্রেস আলাদাভাবে সাক্ষাৎ করেছে। তবে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে কোন দলের নেতাকে আগে আমন্ত্রণ জানাবেন, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে পারেননি গভর্নর।
এমন অবস্থায় বিজেপির বিরুদ্ধে ‘গণতন্ত্র হত্যা’ ও ‘নির্বাচন হাতিয়ে নেওয়ার’ অভিযোগ তুলেছে কংগ্রেস। গতকাল সোমবার সকালে টুইটারে দলটির নেতা চিদাম্বরম বলেন, গোয়া ও মণিপুরে বিজেপি কায়দা করে নির্বাচন হাতিয়ে নিচ্ছে।
কংগ্রেসের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, ‘(মনোহর) পারিকর নির্বাচনী লড়াইয়ে নামেননি...কেউই জানে না, তিনি গোয়ায় জনপ্রিয়...এটা আসলে প্রকাশ্য দিবালোকে গণতন্ত্র হত্যা।’
তবে বিজেপির নেতা জি ভি এল নরসিমহা রাও বলেছেন, ‘আমরা কংগ্রেসের চেয়ে ৪ শতাংশ বেশি ভোট পেয়েছি, সরকার গঠন করতে বিধানসভায় আমাদের সংখ্যাগরিষ্ঠতাও আছে... ওদের (কংগ্রেস) নেই।’
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শপথ নেবেন কংগ্রেস নেতা অমরিন্দর সিং। চণ্ডীগড়ে গভর্নর ভি পি সিং বাদনোরের সঙ্গে ইতিমধ্যে সাক্ষাৎ করেছেন তিনি।