নির্বাচনে কংগ্রেস দলের পরাজয়ের কারণ সংগঠনের নেতাদের কাছে জানতে চাইলেন সহসভাপতি রাহুল গান্ধী। গত বৃহস্পতিবার রাতে প্রায় চার ঘণ্টা ধরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নয়াদিল্লিতে বৈঠক করেন তিনি। খবর এনডিটিভির।
লোকসভা ও এরপর অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির কারণ ছাড়াও ঘুরে দাঁড়ানোর কৌশল বের করতে নেতাদের প্রতি আহ্বান রাহুল গান্ধী।
দলীয় সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, বৈঠকে অন্য নেতাদের মধ্যে গোলাম নবী আজাদ, অম্বিকা সোনি, মনি শঙ্কর আয়ার, জয়পাল রেড্ডি, জয়রাম রমেশ, শচীন পাইলট, মীনাক্ষী নটরাজন প্রমুখ অংশ নেন।
মহারাষ্ট্র ও হরিয়ানা রাজ্য বিধানসভা নির্বাচনে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পর দৃশ্যত এই প্রথম দলটির শীর্ষ নেতারা আলোচনায় বসলেন।
বৈঠকে অংশ নেওয়া অনেকে মত দেন, বিগত নির্বাচনে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে স্বাভাবিক বিরোধিতার প্রবণতা ছাড়াও অন্তর্ঘাতমূলক তৎপরতার কারণেও কোনো কোনো আসনে হারতে হয়েছে কংগ্রেসকে। কেউবা বলেন, শুধু কংগ্রেসের মূল আদর্শে বিশ্বাসী লোকজনকেই আকৃষ্ট করার ওপর জোর দিতে হবে। আর এটাও দেখতে হবে যে নেতা-কর্মীরা যেন দলের মূল আদর্শগুলো কী তা শুধু জানেনই না তার অর্থও বোঝেন। যেমন, ধর্মনিরপেক্ষতা বা সমন্বিত প্রবৃদ্ধি কী তা যেন বুঝিয়ে বলতে পারেন তাঁরা।