নির্বাচনে বিজেপি ৯০ শতাংশ আসনে হারবে বলে আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের মার্চ-এপ্রিলে ভারতের লোকসভা নির্বাচন হতে পারে। এতে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভরাডুবি হতে পারে বলে আশঙ্কা দলেরই অনেক নেতার।

২০১৪ সালে সর্বশেষ লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসে বিজেপি। লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ২৮২টি আসনে দলটি এককভাবে জয়ী হয়েছিল। ২০১৯ সালের নির্বাচনেও জয়ী হয়ে ফের ক্ষমতায় আসার স্বপ্ন দলটির অনেক নেতার। তবে সব নেতা এ দলে নেই। অনেকের মনে বিজেপির ভরাডুবি আশঙ্কা তৈরি হয়েছে।

বিজেপির ভরাডুবির কথা প্রচার করছে কংগ্রেস। তারা বলছে, ২০১৯ সালে নির্বাচনে বিজেপি ডুবে যাবে। জয়ী হবে কংগ্রেসসহ বিরোধীরা। বিজেপির ভরাডুবির কথা বেশি করে বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেছেন, আগামী বছরই হবে বিজেপির ক্ষমতায় যাওয়ার অন্তিম নির্বাচন। ক্ষমতা হারাবে বিজেপি। দেশে বিজেপিবিরোধী শক্তির জয় হবে।

সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, তেলেগু দেশম, লোকদল, জনতা দল (ধর্মনিরপেক্ষ)—সবারই কণ্ঠে এক কথা, আগামী বছরের লোকসভা নির্বাচনে বিজেপি হারবে এবং ক্ষমতায় ফিরতে পারবে না।

বিরোধীদের এ কথার সুর পাওয়া গেল ভারতের হরিয়ানা রাজ্যের বিজেপি সাংসদ রাজকুমার সোনির মুখেও। গতকাল রোববার হরিয়ানার কুরুক্ষেত্রের তিগাঁও প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে সোনি বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ৯০ শতাংশ আসনে হেরে যাবে। কারণ, বিজেপির না আছে নীতি, না আছে ইচ্ছা।

সোনি অভিযোগ করেন, দেশের অবস্থা এতটাই খারাপ যে লোকসভা ও বিধানসভা নির্বাচনে ৯০ শতাংশ আসনে হারবেন বিজেপির প্রার্থীরা। তাই আসন্ন লোকসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিট চাইবেন না। তিনি নতুন দল গড়ে হরিয়ানায় লড়বেন।

অবশ্য বিজেপি শিবিরের কাছ থেকে শোনা যাবে উল্টো কথা। ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী মুফতার আব্বাস নকভি বলেছেন, লোকসভা নির্বাচনে ভারতের সংখ্যালঘুদের এক-তৃতীয়াংশ ভোট পাবে বিজেপি। ২০১৪ সালের সর্বশেষ লোকসভা নির্বাচনে ১৮-২০ শতাংশ সংখ্যালঘু ভোট দিয়েছিল বিজেপিকে। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩০ থেকে ৩৫ শতাংশ।

নকভি বলেন, বিরোধীরা সংখ্যালঘুদের মধ্যে যে ভয় তৈরি করেছিল, তা অনেকটা দূর হয়েছে। বিজেপি সরকারের আমলে দেশে কোনো বড় দাঙ্গা হয়নি। মানুষের মন থেকে বিজেপিভীতি দূর করতে সরকারও উদ্যোগ নিয়েছে। জঙ্গি তৎপরতা ও সাম্প্রদায়িক কার্যকলাপ দূর করার উদ্যোগে সফলতা এসেছে। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএর ১০ বছর শাসনে ৫৩০ জন নিরপরাধ মুসলিমকে জেলে ভরা হয়েছিল। বর্তমান সরকারের আমলে একজন সংখ্যালঘুকেও জেলে ভরা হয়নি; বরং জেলে ভরা ৫৩০ জন সংখ্যালঘুর মধ্যে ৯০ শতাংশকে মুক্তি দেওয়া হয়েছে।

নকভির ভাষ্য, সংখ্যালঘুদের মধ্যে আজ এমন ধারণা জন্মেছে যে নরেন্দ্র মোদি মানেই উন্নয়ন।