নির্বাচনে বিপর্যয়ের কারণ খতিয়ে দেখছে কংগ্রেস
ভারতের পাঁচ রাজ্যের বিধানসভার নির্বাচনে দলের বিপর্যয় খতিয়ে দেখতে আজ রোববার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক বসছে। নয়াদিল্লির ২৪ আকবর রোডে দলীয় সদর দপ্তরে বিকেল চারটায় এই বৈঠক বসবে বলে দলীয় সূত্রের খবর। ওই বৈঠকে দলের সাংগঠনিক নির্বাচন এগিয়ে আনা হবে কি না, সেই বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা রয়েছে।
ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকার কোনো পরিকল্পনা কংগ্রেস নেতৃত্বের ছিল না। কিন্তু পাঁচ রাজ্য বিধানসভার নির্বাচনে শোচনীয় ফলের পর দলীয় নেতৃত্ব নিজে থেকেই এই বৈঠক ডাকার সিদ্ধান্ত নেয়। সংবাদ সংস্থা এএনআই গতকাল শনিবার এই খবর দিয়ে জানায়, কী কারণে পাঁচ রাজ্যে দলের ভরাডুবি ঘটল, বৈঠকে তা খতিয়ে দেখা হবে। বৈঠকে সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা—তিনজনই উপস্থিত থাকবেন।
দলে সর্বস্তরে সাংগঠনিক নির্বাচনের দাবি উঠেছে বহু দিন ধরেই। কিন্তু কোনো না কোনো কারণে নেতৃত্ব তা ঠেকিয়ে রেখেছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী সেপ্টেম্বরে দলীয় সভাপতি নির্বাচনপ্রক্রিয়া শুরু হওয়ার কথা। সেই প্রক্রিয়া এগিয়ে আনা যায় কি না, ওয়ার্কিং কমিটির বৈঠকে তা আলোচিত হওয়ার সম্ভাবনা। বিভিন্ন স্তরের অসন্তোষ সামাল দিয়ে শীর্ষ নেতৃত্ব কী করে দলে সংস্কারপর্ব শুরু করতে পারে, তা নিয়ে আগ্রহ দানা বেঁধেছে।
চলতি বছরের শেষে হিমাচল প্রদেশ ও গুজরাট বিধানসভার ভোট। আগামী বছর ভোট হবে মোট ৯ রাজ্যে। ফেব্রুয়ারিতে ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে। মে মাসে ভোট কর্ণাটকে। নভেম্বরে দুই কংগ্রেসশাসিত রাজ্য রাজস্থান, ছত্তিশগড়সহ মধ্যপ্রদেশ, মিজোরাম ও তেলেঙ্গানায়। পরের বছরের মাঝামাঝি লোকসভার নির্বাচন। এই পরিস্থিতিতে ওয়ার্কিং কমিটির বৈঠক যতটা গুরুত্বপূর্ণ, ততটাই তাৎপর্যপূর্ণ।
সাম্প্রতিক নির্বাচনী বিপর্যয়ের দুই বছর আগে দলের ২৩ জন শীর্ষ নেতা সংস্কার ও গণতন্ত্রীকরণের দাবি জানিয়ে সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলেন। সেই থেকে ওই নেতারা ‘জি-২৩’ গোষ্ঠী বলে পরিচিত। পাঁচ রাজ্যে নির্বাচনী বিপর্যয়ের পর গত শুক্রবার রাতে দিল্লিতে গুলাম নবী আজাদের বাসস্থানে দলের হালহকিকৎ নিয়ে আলোচনায় বসেন হরিয়ানার নেতা ভূপিন্দর সিং হুডা, পাঞ্জাবের কপিল সিবাল, মনীশ তিওয়ারি, হিমাচল প্রদেশের আনন্দ শর্মা, উত্তর প্রদেশের অখিলেশ প্রসাদ সিংসহ বেশ কয়েকজন। আজকের বৈঠকে বিক্ষুব্ধ নেতারা কে কী বলেন এবং কোন সিদ্ধান্ত গৃহীত হয়, তা আগ্রহ বাড়াচ্ছে।