নির্বাচনের আগেই তৃণমূলের কবজায় ২৭ শতাংশ আসন

এ এক নজিরবিহীন ঘটনা! পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম ঘটতে চলেছে তা। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই শাসক দল তৃণমূল কংগ্রেস ২৭ শতাংশ আসন দখল করে নিয়েছে।
শাসক দলের হুমকি, মারপিট, প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া মনোনয়ন দপ্তর বন্ধ করে রাখার কারণে বিরোধী দলগুলো মনোনয়নপত্র জমাই দিতে পারেনি অনেক জায়গায়। এসব নিয়ে বিরোধীদের মামলা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। নির্বাচনের ওপর জারি হয়েছে অন্তর্বর্তী স্থগিতাদেশ। আজ কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানির কথা।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েতব্যবস্থা ত্রিস্তর পর্যায়ের। গ্রামে গ্রাম পঞ্চায়েত। থানা পর্যায়ে পঞ্চায়েত সমিতি এবং জেলা পর্যায়ে জেলা পরিষদ।
স্থানীয় সরকার কাঠামোর এই ত্রিস্তর পর্যায়ের পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতের আসন রয়েছে ৪৮ হাজার ৬৫০টি। পঞ্চায়েত সমিতির ৯ হাজার ২১৭টি এবং জেলা পরিষদের আসন রয়েছে ৮২৫টি। নির্বাচনের জন্য ২ এপ্রিল থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে শাসক দলের সন্ত্রাসী কর্মকাণ্ডের কবলে পড়েন বিরোধী দলের প্রার্থীরা। বিপুলসংখ্যক আসনে প্রার্থী দিতে পারেননি বিরোধী দলের প্রার্থীরা। তাই নিয়েই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্ট আর ভারতের সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে আজই সেই মামলার শুনানি হওয়ার কথা কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুদারের একক বেঞ্চে।
হাইকোর্টের একক বেঞ্চের এই আদেশে সন্তুষ্ট হতে না পেরে তৃণমূল কংগ্রেস বিচারপতির ওপর পক্ষপাতিত্বের অভিযোগ এনে এই আদেশের বিরুদ্ধে ন্যায়বিচার পাওয়ার লক্ষ্যে ডিভিশন বেঞ্চে মামলার শুনানি গ্রহণের আবেদন করে। সেই আবেদন গ্রহণ করে হাইকোর্ট মামলাটির শুনানি গ্রহণের জন্য হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের সমন্বয়ে গঠন করে ডিভিশন বেঞ্চ। এদিকে ডিভিশন বেঞ্চে গতকাল পঞ্চায়েত মামলার শুনানি হওয়ার পর তৃণমূলের আবেদন খারিজ করে দিয়ে মামলাটি পাঠিয়ে দেন হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারেরই একক বেঞ্চেই। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই নির্দেশ প্রকারান্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলকে জোর ধাক্কা দেয়।
বিরোধী দলের যেসব প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পেরেছেন, তাঁদের ওপরও চলছে শাসকদলের মনোনয়নপত্র প্রত্যাহারের চাপ এবং হুমকি। ইতিমধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েতের ১৩ হাজার ৫০০, পঞ্চায়েত সমিতির ২ হাজার ৩০০ এবং জেলা পরিষদের ১৩০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছে। এসব আসনে বিরোধী দল বা নির্দলীয় কোনো প্রার্থী নেই।
১৯৭৮ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন মাত্র ৩৩৮ জন। শতাংশের হারে শূন্য দশমিক ৭৩। ১৯৮৩ সালে এই সংখ্যা ছিল ৩৩২, (০.৭৪ শতাংশ)। ১৯৮৮ সালে ৪ হাজার ২০০ জন (৮ শতাংশ), ১৯৯৩ সালে ১ হাজার ৭১৬ জন (২.৮১ শতাংশ), ১৯৯৮ সালে জিতেছিলেন ৬০০ জন (১.৩৬ শতাংশ), ২০০৩ সালে ৬ হাজার ৮০০ জন (১১ শতাংশ)। ২০০৮ সালে এই সংখ্যা ছিল ২ হাজার ৮৪৫(৫.৫৭ শতাংশ) এবং ২০১৩ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৩৭৪ (১০.৮৩ শতাংশ)। আর ২০১৮ সালে মনোনয়নপত্র প্রত্যাহারের আগ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছেন ২৭ শতাংশ প্রার্থী। এঁদের আসনসংখ্যা ত্রিস্তর পর্যায়ে ১৫ হাজার ৯৩০। এই সংখ্যা চূড়ান্ত পর্যায়ে ২৭ শতাংশ থেকে বেড়ে ৩৫ থেকে ৪০ শতাংশে দাঁড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।