নির্ভয়াকে নিয়ে বানানো প্রামাণ্যচিত্র প্রচারে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত ইন্ডিয়াস ডটার প্রামাণ্যচিত্রের প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন ভারতের একটি আদালত। ব্রিটিশ তথ্যচিত্র নির্মাতা লেসলি উডউইনের ওই প্রামাণ্যচিত্রে একজন ধর্ষককে ধর্ষণের শিকার মেয়েটিকে দোষারোপ করতে দেখা যায়। গতকাল মঙ্গলবার ভারতের আদালত এ নিষেধাজ্ঞা আরোপ করেন।

নির্মাতা উডউইন একে ‘অযৌক্তিক নিষেধাজ্ঞা’ বলেছেন।
আদালত তথ্যচিত্র প্রচার ঠেকাতে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশ দেন। আদালতের নিষেধাজ্ঞার কারণ তাৎক্ষণিক পরিষ্কার জানা যায়নি। তবে ভারতে অনেকেই বলছেন, ওই প্রামাণ্যচিত্রের মাধ্যমে মুকেশ সিং নামে ওই ধর্ষককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ করে দেওয়া হয়েছে।
মুকেশ সিং ২০১২ সালের ডিসেম্বরে নয়াদিল্লিতে চলন্ত বাসে মেডিকেলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত অন্যতম আসামি। ব্রিটিশ তথ্যচিত্র নির্মাতা লেসলি উডউইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একজন ভদ্র মেয়ে কখনো রাত নয়টার দিকে ঘুরে বেড়ায় না। ধর্ষণের জন্য একটা ছেলে যতটা দায়ী, একজন মেয়ে তার চেয়ে অনেক বেশি দায়ী।’ গতকাল মঙ্গলবার বিবিসির ম্যাগাজিনে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। এর পরপরই ওই প্রামাণ্যচিত্রের পক্ষ–বিপক্ষে ব্যাপক আলোচনা শুরু হয়।
দিল্লি পুলিশের একজন মুখপাত্র জানান, ওই প্রামাণ্যচিত্রের মাধ্যমে বিশৃঙ্খলা ছড়াতে পারে বলে তাঁরা আদালতে পিটিশন দাখিল করেন। এর পরই আদালত ওই নিষেধাজ্ঞা আরোপ করেন।
এদিকে নিষেধাজ্ঞাকে অযৌক্তিক বলেছেন প্রামাণ্যচিত্রটির নির্মাতা উডউইন। তিনি বলেন, ভারত এমন একটি দেশ, যারা অধিকারের জায়গাটিকে মূল্য দেয়। বিশেষ করে মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে এবং এর আরও উন্নয়নের প্রয়োজনীয়তা রয়েছে। উডউইন বলেন, প্রামাণ্যচিত্রটি বানানোর সময় তিনি কারা কর্তৃপক্ষ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়েছিলেন।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, উডউইন চুক্তির শর্ত ভঙ্গ করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন তাঁরা।
এদিকে আজ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সংসদে বলেন, ২০১২ সালে নয়াদিল্লিতে গণধর্ষণের ঘটনায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মুকেশ সিংয়ের বক্তব্য নারীদের জন্য অত্যন্ত অপমানজনক এবং সম্মানহানিকর। সরকার এর নিন্দা জানায়। তিনি আরও বলেন, দিল্লির তিহার জেলে ওই নির্মাতার প্রবেশ এবং মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ওই অপরাধীর সাক্ষ্য নেওয়ার অনুমতি পাওয়ার ব্যাপারটি নজিরবিহীন।