নির্ভয়া অপরাধী মুক্ত, বিল উঠছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ভয়া ধর্ষণের অপরাধী সেই কিশোরকে (বর্তমান বয়স ২০ বছর) মুক্তি না​ দিতে দুদিন ধরে নানা আবেদন করা হলেও আজ সোমবার সুপ্রিম কোর্ট সেগুলো অগ্রাহ্য করেন। বরং সর্বোচ্চ আদালত প্রশ্ন তোলেন, এত দিন ধরে কেন প্রচলিত আইনের সংস্কার হলো না?

নাবালক অপরাধ আইনের সংশোধন গত মে মাসে লোকসভায় পাস হলেও এত দিন রাজ্যসভায় তা উত্থাপনই হয়নি। সোমবার তৃণমূল কংগ্রেসের চাপে সেই বিল তালিকাভুক্ত হয়। কাল মঙ্গলবার বিলটি নিয়ে রাজ্যসভায় আলোচনা হবে। বুধবার সংসদের শীতকালীন অধিবেশনের শেষ দিন।
প্রচলিত আইন অনুযায়ী নাবালকদের সর্বোচ্চ শাস্তির মেয়াদ তিন বছর। সেই অনুযায়ী নির্ভয়া ধর্ষণের ঘটনায় অপরাধী সেই কিশোর তিন বছর শিশু সংশোধনাগারে থাকার পর গতকাল রোববার মুক্তি পায়। তাঁকে কোনো এক অজ্ঞাত স্থানে কোনো এক বেসরকারি সংস্থার তত্ত্বাবধানে রাখা হয়েছে। সমাজের মূল স্রোতে ফিরে আসার জন্য রাষ্ট্র তাঁকে সাহায্যও করবে। এই মুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কদিন ধরেই রাজধানী সরগরম। প্রতিবাদীরা প্রথমে হাইকোর্টে যান। হাইকোর্ট আবেদন খারিজ করলে তাঁরা শনিবার গভীর রাতে সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্টের বিচারপতিরা সোমবার সেই আবেদন খারিজ করে দিয়ে বলেন, প্রচলিত আইনে নাবালককে ধরে রাখার কোনো বিধান নেই। তাঁরা বরং প্রশ্ন করেন, এত দিন কেন এই বিল সংশোধিত হয়নি?
সোমবার সকালে এই বিলটি আলোচনার দাবি জানান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্যরা। দুপুরে সেই বিলটি তালিকাভুক্ত করা হয়। কাল মঙ্গলবার এই বিল নিয়ে আলোচনার জন্য চার ঘণ্টা সময় বরাদ্দ হয়েছে। তবে আলোচনা শেষে বিলটি পাস হবে কি না সন্দেহ রয়েছে। কারণ, বুধবার সংসদের শীতকালীন অধিবেশন শেষ হচ্ছে।