নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় আসামির মৃত্যুদণ্ড বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারতের আলোচিত নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম আসামি অক্ষয় ঠাকুরের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন দেশটির সর্বোচ্চ আদালত। কিন্তু দিল্লির এক আদালত এও জানিয়েছেন, ওই ঘটনায় মোট চার আসামির মৃত্যু পরোয়ানা জারির সময়সীমা পেছাতে হবে। এর প্রতিক্রিয়ায় নির্ভয়ার মা আশা দেবী আদালতে বলেছেন, ‘যেখানেই আমরা যাই, শোনানো হয় আসামিদের অধিকারের কথা। আমাদের অধিকারের কী হবে?’

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার অন্যতম আসামি অক্ষয় ঠাকুরের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন দেশটির সর্বোচ্চ আদালত। ফাঁসির আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন অক্ষয়। আদালত আজ বুধবার তা খারিজ করে দেন।

কিন্তু একই সঙ্গে আসে দোষী সাব্যস্ত আসামিদের মৃত্যু পরোয়ানা জারির বিষয়টি পেছানোর সিদ্ধান্ত। এনডিটিভির খবরে বলা হয়েছে, এই সিদ্ধান্ত শুনে আদালতকক্ষেই কান্নায় ভেঙে পড়েন সাত বছর ধরে সন্তান হত্যার বিচারের অপেক্ষায় থাকা আশা দেবী। তিনি জানতে চান, ‘আমাদের অধিকারের কী হবে?’

আদালতের বিচারক এ সময় বলেন, ‘আপনার প্রতি আমি সহানুভূতিশীল। আমি জানি একজন মারা গেছে, কিন্তু তাঁদেরও অধিকার আছে। আমরা এখানে আপনার কথা শুনছি ঠিকই, কিন্তু একই সঙ্গে আমরা আইনের বাঁধনে বাঁধা।’

মূলত সুপ্রিম কোর্টের আপিল খারিজের রায় এবং অন্যান্য আসামির ক্ষমা প্রার্থনার আবেদনের সুযোগ দেওয়ার আইনি বাধ্যবাধকতার কারণেই মৃত্যু পরোয়ানা জারির বিষয়টি থমকে গেছে। এখন দিল্লির তিহার কারাগার কর্তৃপক্ষের কাছে আদালতের এ-সংক্রান্ত আদেশ গেছে। আদালত জানতে চেয়েছেন, দোষী সাব্যস্ত আসামিরা রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করবেন কি না। এ বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত মৃত্যু পরোয়ানা জারি হবে না। আগামী ৭ জানুয়ারি এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এদিকে রায়ের পর্যবেক্ষণে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ বলেন, অক্ষয় ঠাকুরের মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনার কোনো কারণ নেই। ২০১৭ সালের রায়ই ঠিক ছিল। নতুন যে তথ্যের প্রসঙ্গ তুলে অক্ষয়ের আইনজীবীরা রায়ের পর্যালোচনা চেয়েছেন, তা ইতিমধ্যে বিবেচনা করা হয়েছে। এ তথ্য নিয়ে আগেও আলোচনা হয়েছে। সাজা পুনর্বিবেচনার বিষয় নিয়ে কখনো মামলার নতুন করে শুনানি হতে পারে না।

২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল নির্ভয়াকে। বন্ধুর সঙ্গে তিনি সেদিন বাড়ি ফেরার জন্য একটি বাসে উঠেছিলেন। হামলা করা হয় সঙ্গে থাকা ছাত্রীর বন্ধুর ওপরও। এরপর তীব্র জনরোষের মুখে আইন পরিবর্তন করতে বাধ্য হয় ভারতীয় কর্তৃপক্ষ। ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।

২০১৩ সালে বিচারিক আদালতের রায়ে চার অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। হাইকোর্টেও এই রায় বহাল থাকে। তবে আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন অক্ষয় ঠাকুর। আজ সেই আবেদন খারিজ করে ফাঁসির সাজাই বহাল রেখেছেন শীর্ষ আদালত। এর আগে অন্য তিন আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত।

রায় পুনর্বিবেচনার আবেদনে অক্ষয়ের আইনজীবী এ পি সিং বলেন, মৃত্যুর আগে ওই তরুণী কোনো ধর্ষকের নাম বলে যাননি। অক্ষয় নির্দোষ। তাঁর প্রতি অন্যায় করা হচ্ছে। গণমাধ্যম, জনগণ এবং রাজনৈতিক চাপের কারণে অক্ষয়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

আর সরকারপক্ষের আইনজীবী বলেন, আসামিপক্ষের আইনজীবী বিচার-প্রক্রিয়াকে বিলম্বিত করার চেষ্টা করছেন। তিনি বলেন, কিছু অপরাধ পুরো মানবতাকে লজ্জায় ফেলে। এমন অপরাধের কোনো ক্ষমা হতে পারে না।

ভারতের দিল্লিতে ২০১২ সালের ডিসেম্বরে চলন্ত বাসে ধর্ষণ ও নির্যাতনের পর ২৩ বছর বয়সী মেডিকেলছাত্রী নির্ভয়াকে ছুড়ে ফেলা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই মামলার প্রধান আসামি রাম সিং দিল্লির তিহার কারাগারে আত্মহত্যা করেছেন।