মুক্তি পেয়ে যাচ্ছে নির্ভয়া ধর্ষণের অপরাধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লিতে চলন্ত বাসে মেডিকেলের ছাত্রী নির্ভয়াকে ধর্ষণ ও খুনের দায়ে কয়েকজনের সঙ্গে অভিযুক্ত সেই কিশোর অপরাধী (বর্তমান বয়স ২০ বছর) মুক্তি পেয়ে যাচ্ছেন। তাঁকে আটকে রাখার একটি আবেদন দিল্লি হাইকোর্ট আজ শুক্রবার নাকচ করে দিয়েছেন। ফলে আগামী রোববার কিশোর সংশোধনাগার থেকে তাঁর মুক্তি পাওয়ার কথা।

২০১২ সালের ১৬ ডিসেম্বর একটি চলন্ত বাসে নির্ভয়াকে (নির্যাতিতার মা জানিয়ে দিয়েছেন তাঁর আসল নাম জ্যোতি) কয়েকজন দুর্বৃত্ত ধর্ষণ করে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে চলন্ত বাস থেকে ফেলে দেয় তারা। কয়েক দিন পর নির্ভয়ার মৃত্যু হয়। অপরাধী ছয়জনের সবাই ধরা পড়ে। অপরাধীদের মধ্যে ওই কিশোরও ছিল। ঘটনার সময় তার বয়স ছিল ১৮ বছরের কম।
আদালত তখন ওই কিশোরকে তিন বছরের জন্য এক শিশু সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি আসামিদের মধ্যে কারাগারেই একজনের মৃত্যু হয়। অন্য চারজনের ফাঁসির রায় হয়েছে। ওই রায়ের বিরুদ্ধে আপিল করায় বিষয়টি সুপ্রিম কোর্টে বিবেচনাধীন।
এদিকে আদালতের সিদ্ধান্ত মতো সংশোধনাগারে তিন বছর থাকার পর ওই কিশোর অপরাধীর মুক্তির সময় হয়েছে। তাঁকে মুক্তি না দিয়ে আরও কিছুদিন সংশোধনাগারে রেখে দেওয়ার আবেদন জানিয়েছিলেন বিজেপি নেতা সুব্রক্ষ্মণ্যম স্বামী। আবেদনে তিনি বলেছিলেন, সংশোধনাগারে সন্ত্রাসীদের সঙ্গে থাকার ফলে তাঁর মগজধোলাই হয়ে গেছে। তাঁকে মুক্তি দিলে সমাজের জন্য মারাত্মক ক্ষতি হবে।
এ ব্যাপারে হাইকোর্ট রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অভিমতও জানতে চেয়েছিলেন। কেন্দ্র জানায়, পুনর্বাসনের বন্দোবস্ত ও মানসিকভাবে সুস্থ করে তোলা পর্যন্ত তাঁকে সংশোধনাগারেই রাখা হোক। ধর্ষণ ও খুনের মতো ঘটনায় জড়িত কিশোর অপরাধীদের বিরুদ্ধে কড়া মনোভাব নেওয়ার দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে। কিন্তু হাইকোর্ট সেই আবেদন অগ্রাহ্য করেন।
শুক্রবার আদালতে নির্ভয়ার মা ও বাবাও উপস্থিত ছিলেন। রায় শোনার পর তাঁদের প্রতিক্রিয়া: ‘অপরাধেরই জয় হলো’।