নির্ভয়ার ধর্ষকের মুক্তির বিরুদ্ধে আপিল খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লিতে আলোচিত নির্ভয়া ধর্ষণের ঘটনায় জড়িত কনিষ্ঠ ধর্ষকের মুক্তি পাওয়ার বিরুদ্ধে করা আপিল আবেদন খারিজ হয়ে গেছে। আজ সোমবার দেশটির সুপ্রিম কোর্ট এই আদেশ দেন। গতকাল রোববার একটি সংশোধন কেন্দ্র থেকে ছাড়া পান ওই ধর্ষক। আজ এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অপরাধ সংঘটনের সময় ছাড়া পাওয়া এই ধর্ষক নাবালক থাকায় তাঁর নাম প্রকাশ করা হয়নি।

২০১৩ সালে সংশোধনের সুযোগ দিয়ে তাঁকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। ধর্ষণের শিকার হওয়ার কয়েক দিনের মধ্যেই মৃত্যুবরণকারী মেয়েটির প্রতীকী নাম দেওয়া হয় নির্ভয়া। তবে মেয়েটির মা আশা দেবী গত সপ্তাহে বলেন, তাঁর মেয়ের আসল নাম জ্যোতি সিং।

গত শনিবার রাতে দিল্লি কমিশন অব উইমেনের প্রধান স্বাতী মালিওয়াল এই মুক্তির বিরোধিতা করে আবেদন করেন সুপ্রিম কোর্টে। আদালতের বাইরে তিনি সাংবাদিকদের বলেন, ‘সুনির্দিষ্ট আইনি কোনো ভিত্তি না থাকার কারণ দেখিয়ে সুপ্রিম কোর্ট আবেদনটি খারিজ করে দিয়েছেন। এতে তাঁকে (ধর্ষক) আর আটকে রাখা যাবে না।’ তিনি বলেন, আমরা তাঁর মুক্তি বন্ধ রাখতে অন্তর্বর্তীকালীন আদেশ চেয়েছিলাম। কিন্তু আদালত তা আমলে নেননি।

আদালতের এ রায়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে নির্ভয়ার বাবা বদ্রিনাথ সিং এএফপিকে বলেন, ‘আমার আর কী বলার আছে? এ হতাশা ব্যক্ত করার কোনো ভাষা আমার নেই। আমরা এসব আইনকানুনের কিছুই বুঝি না। আমরা শুধু এতটুকু বলতে পারি যে এসব ব্যবস্থা আমাদের হারিয়ে দিল।’

নির্ভয়ার ঘটনায় মোট ছয় ব্যক্তি গ্রেপ্তার হন। এর মধ্যে ওই কিশোরকে আদালত তিন বছরের জন্য এক শিশু সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয় তিহার কারাগারে। অন্য চারজনের মৃত্যুদণ্ডের আদেশ হয়।

আরও  পড়ুন..