নির্ভয়ার ধর্ষণকারী মুক্তিই পাচ্ছেন
নির্ভয়া ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত ‘কিশোর’ অপরাধী (এখন তাঁর বয়স ২০) মুক্তিই পাবেন। কারণ, তাঁর মুক্তির বিরুদ্ধে আনা আবেদন দিল্লি হাইকোর্ট গতকাল শুক্রবার খারিজ করে দিয়েছেন। ফলে কাল রোববার রাজধানীর এক শিশু সংশোধনাগার থেকে তিনি মুক্তি পাবেন।
তিন বছর আগে ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লির একটি বাসে নির্ভয়াকে (নির্যাতিতার মা জানিয়ে দিয়েছেন তাঁর আসল নাম জ্যোতি) কয়েক ব্যক্তি ধর্ষণ করেন। তারপর গুরুতর আহত অবস্থায় নির্ভয়াকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। কিছুদিন পর তাঁর মৃত্যু হয়। অপরাধীরা সবাই ধরা পড়েন। ধৃত লোকজনের মধ্যে এই কিশোরও ছিল, যখন তার বয়স ছিল ১৮ বছরের কম।
নির্ভয়ার ঘটনায় মোট ছয় ব্যক্তি গ্রেপ্তার হন। এর মধ্যে ওই কিশোরকে আদালত তিন বছরের জন্য এক শিশু সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয় তিহার জেলে। আর অন্য চারজনের মৃত্যুদণ্ডের আদেশ হয়। তাঁদের আবেদন বর্তমানে সুপ্রিম কোর্টের বিবেচনাধীন।
অপরাধী কিশোরকে মুক্তি না দিয়ে তাঁকে আরও কিছুদিন সংশোধনাগারে রেখে দেওয়ার আবেদন জানিয়েছিলেন বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামী। ধর্ষণ ও খুনের মতো ঘটনায় জড়িত কিশোর অপরাধীদের বিরুদ্ধে কড়া মনোভাব নেওয়ার দাবিও বিভিন্ন মহল থেকে উঠে আসে। কিন্তু হাইকোর্ট সেই আবেদন অগ্রাহ্য করেন।
গতকাল আদালতে নির্ভয়ার মা-বাবাও উপস্থিত ছিলেন। রায় শোনার পর তাঁদের প্রতিক্রিয়া—অপরাধেরই জয় হলো।