নির্মম প্রতিশোধ!

১৬ বছর বয়সী কিশোরীকে প্রথমে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে আনা হলো। এরপর বেধড়ক মারধর করে খুব কাছ থেকে অন্তত নয়টি গুলি করে হত্যা করা হলো তাকে। ভয়াবহ দৃশ্যটি দেখতে বাধ্য করা হলো কিশোরীর মা-বাবাকে।
নির্মম এই হত্যাকাণ্ড ঘটেছে গত সপ্তাহে ভারতের আসামের চিরাং জেলায়। দিনের বেলায় তা ঘটিয়েছে নিষিদ্ধ সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ডের জঙ্গিরা।
এনডিটিভির খবরে বলা হয়, নিহত কিশোরীর নাম প্রিয়া বসুমাতারি। সে পুলিশের গোপন তথ্যদাতা বলে সন্দেহ করা হচ্ছে। হত্যাকাণ্ডের দিন নিষিদ্ধ ওই সংগঠনের পাঁচ সদস্যকে গুলি করে হত্যা হয়। জঙ্গিদের অভিযোগ, প্রিয়া তাদের অবস্থান সম্পর্কে পুলিশকে তথ্য দিয়েছে। এর ‘প্রতিশোধ’ হিসেবেই ভারত-ভুটান সীমান্তবর্তী দুইমুগরি গ্রামে প্রিয়ার বাড়িতে গিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে জঙ্গিরা।
মেয়ের মৃত্যু দেখতে বাধ্য করতে ওই কিশোরীর মা-বাবাকে চোখ বন্ধ পর্যন্ত করতে দেওয়া হয়নি। ঘটনাটা এতটাই ভয়ংকর ছিল যে, দুই দিন স্থানীয় একটি মাঠে পড়ে ছিল কিশোরীর মৃতদেহ। ভয়ে সত্কার করতে এগিয়ে আসার সাহস পায়নি কেউই।
পুলিশের গোপন তথ্যদাতা মনে করে এমন হত্যাকাণ্ড ভারতে নতুন নয়। গত জুনে মেঘালয়ে পুলিশকে তথ্য দেওয়ার অভিযোগে এক নারীকে হত্যা করে জঙ্গিরা। পাঁচ সন্তানের জননী ওই নারীকে তাঁর সন্তান ও স্বামীর সামনে প্রথমে ধর্ষণ করা হয়। এরপর কাছ থেকে ছয়টি গুলি করে হত্যা করা হয়।