নির্মাণাধীন ভারতের 'বিক্রান্ত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারত বেশ কয়েক বছর ধরে নিজস্ব প্রযুক্তিতে একটি বিমানবাহী রণতরি নির্মাণের চেষ্টা করছে। এর পরে কাজ শুরু করে চীন নিজের রণতরি উদ্বোধন করে ফেলেছে। তবে ভারতের এ যুদ্ধজাহাজটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি।

ভারতের নির্মাণাধীন রণতরির নাম বিক্রান্ত। ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে এর তলার অংশ নির্মিত হয়। এ রণতরিটি ২০১১ সালে পানিতে ভাসানোও হয়েছিল, কিন্তু কারিগরি সীমাবদ্ধতার কারণে তা কমিশনিং করা সম্ভব হয়নি। এর পুরো নির্মাণকাজ ২০২৩ সালের আগে শেষ করা সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে। মূল সেন্সর আর ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থাসহ অস্ত্র ব্যবস্থা এবং বিমান উড্ডয়ন স্থাপনার সরঞ্জামগুলো এখনো সংগ্রহ করাই হয়নি। এ প্রক্রিয়া সম্পন্ন করতে এক বছরের মতো সময় লাগবে। তবে রণতরির জন্য ২৯টি রুশ মিগ-২৯কে যুদ্ধবিমান এরই মধ্যে এসে পৌঁছেছে।

ভারত ও চীনের সামরিক সক্ষমতার তুলনা করে ব্লুমবার্গে একটি কলামে লেখা হয়েছে, ‘চলতি বছরের শুরুর দিকে আইএনএস বিরাটের ডিকমিশনিং ভারতের নৌবাহিনীকে একমাত্র রণতরি আইএনএস বিক্রমাদিত্যের ওপর নির্ভরশীল করে তুলেছে। আরও খারাপ দিকটা হলো, চীন নিজের শিপইয়ার্ডেই ওই রণতরি তৈরি করেছে; পক্ষান্তরে বিক্রমাদিত্য রাশিয়ায় সেই ১৯৮০ সালের দশকে তৈরি এক রণতরি, যার আগের নাম ছিল অ্যাডমিরাল গোরশকভ।’