নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি বাঙ্কার গুঁড়িয়ে দেওয়ার দাবি ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ‘খুব সম্প্রতি’ কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের রাজৌরিতে একাধিক সেনাচৌকি ও বাঙ্কার গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে। ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ রুখতেই এই হামলা চালানো হয় বলে দেশটির সেনাবাহিনী দাবি করেছে। অবশ্য ভারতের এ দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। খবর এনডিটিভির।

ভারতের সেনাবাহিনী আজ কথিত ওই হামলার ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে দেখা যায়, প্রবল শব্দে বিস্ফোরণ হচ্ছে। বিস্ফোরণের পর সেখান থেকে অন্ধকার করে আসা ধোঁয়ার সৃষ্টি হয়েছে। ভারত এই অভিযানে বাঙ্কার বিধ্বংসী অস্ত্র, রকেট লাঞ্চার ও ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। বিভিন্ন সূত্র বলেছে, ভিডিওটি এ মাসের শুরুতে ধারণ করা ভারতীয় সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। পাকিস্তানি চৌকিগুলো সক্রিয়ভাবে সন্ত্রাসীদের প্রবেশে সহায়তা করে।’
সেনা কর্মকর্তা বলেন, ‘ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখায় তাদের অবস্থান বজায় রেখেছে। সন্ত্রাসীদের অনুপ্রবেশের এলাকা চিহ্নিত করে সেগুলো ধ্বংস করা হয়েছে। আমাদের সাম্প্রতিক হামলা হয়েছে নওশেরা সেক্টরে। অনুপ্রবেশে সহায়তা করা কিছু চৌকিতে হামলা হয়েছে। এসব এলাকা দিয়েই অনুপ্রবেশ ঘটে।’
বিশেষজ্ঞরা বলেন, এ হামলার ভেতর দিয়ে ভারত তার চির বৈরী প্রতিপক্ষ পাকিস্তানকে কড়া বার্তা দিতে চায়। আর তা হলো, পাকিস্তান যদি কোনোভাবে অনুপ্রবেশে সহায়তা করে, তবে ভারত কঠোর অবস্থান নেবে।
তবে হামলার এই ভিডিও চিত্র প্রকাশের পরপরই পাকিস্তান এটি প্রত্যাখ্যান করেছে। পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল আসিফ গফুর এক টুইট বার্তায় বলেন, ভারত নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের সেনাচৌকিতে হামলার যে দাবি করেছে, তা পুরোপুরি মিথ্যা।