নিয়োগে সুপারিশ করে বিতর্কে ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল তথাগত রায়। ছবি: সংগৃহীত
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল তথাগত রায়। ছবি: সংগৃহীত

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর পর এবার রাজ্যপাল তথাগত রায়ও জড়িয়ে পড়লেন বিতর্কে। বিজেপির এক কর্মীকে সরকারি পদে নিয়োগের জন্য মুখ্যমন্ত্রীর কাছে লিখিত সুপারিশ করেন রাজ্যপাল। বিরোধীরা হইচই করলেও তথাগত নিজে চাকরির সুপারিশ করাটাতে অন্যায় কিছু দেখছেন না।

সম্প্রতি পশ্চিবঙ্গের ‘বিজেপিতে দলীয় সহকর্মী’র জন্য সরকারি পদে নিয়োগের জন্য মুখ্যমন্ত্রীর কাছে লিখিত সুপারিশ করেন তথাগত।

মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যপালও বিতর্কে জড়িয়ে পড়ায় সমালোচনা ঝড় বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে।


আজ সোমবার সকালে সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর মোবাইলে প্রথম আলোকে বলেন, ‘রাজ্যপালের এ ধরনের কাজের কোনো দৃষ্টান্ত নেই। তিনি সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে সেই পদের গড়িমা নষ্ট করলেন।’ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আরও এক ধাপ এগিয়ে টুইট করে তথাগত রায়কে অবিলম্বে বরখাস্তের দাবি তুলেছেন।

তবে বিষয়টিকে মোটেই গুরুত্ব দিতে নারাজ খোদ রাজ্যপাল। তথাগত নিজেই টুইট করে স্বীকার করেছেন ‘কোয়ালিফাইড চার্টার অ্যাকাউনট্যান্ট’কে চাকরির জন্য সুপারিশ করে তিনি কোনো ভুল করেননি।

এ প্রসঙ্গে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ তথা সিপিএমের পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক পবিত্র কর সোমবার প্রথম আলোকে বলেন, ‘ত্রিপুরার নাম কলঙ্কিত হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজেই নিজের রাজনৈতিক অপরিপক্বতার পরিচয় দিচ্ছেন। আর রাজ্যপাল নিজের পদের সাংবিধানিক গুরুত্ব ভুলে দলীয় প্রচারক হিসেবে কাজ করছেন।’