নূর হোসেন অসুস্থ, অভিযোগ গঠন হয়নি

বাংলাদেশের নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন অসুস্থ থাকায় আজ সোমবার তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়নি। একই সঙ্গে নূর হোসেনের অনুপস্থিতির কারণে তাঁর দুই সঙ্গী খান সুমন ও ওহিদুর জামান শামীমের বিরুদ্ধেও অভিযোগ গঠন হয়নি।
এদিকে নূর হোসেনকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সরকারিভাবে কোনো চিঠি এখনো আদালতে পৌঁছায়নি। আজ সোমবার দুপুরে খান সুমন ও ওহিদুরকে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে আনা হলেও অসুস্থ থাকায় আনা হয়নি নূর হোসেনকে।
প্রিজন ভ্যান থেকে নামার পর ওহিদুর জামান শামীম সাংবাদিকদের জানান, নূর হোসেন অসুস্থ থাকায় আজ আদালতে উপস্থিত হতে পারেননি। কী অসুখ হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওহিদুর জানান, তাঁর হার্টে সমস্যা রয়েছে।
গত ১৮ আগস্ট আদালত থেকে খান সুমন জামিন পাওয়া সত্ত্বেও কেন তিনি কারাগার থেকে বের হচ্ছেন না—এই প্রশ্নের জবাবে ওহিদুর জামান সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আপনারাও জানেন, আমরাও জানি। সময় হলে সবকিছুই দেখতে পারবেন।’ এই কথা বলেই ওহিদুর ও খান সুমন সোজা লকআপে চলে যান।
আদালত ১৫ সেপ্টেম্বর অভিযোগ গঠনের জন্য পরবর্তী তারিখ ধার্য করেছেন। যদিও গত ১৮ আগস্ট বাগুইহাটি থানার পুলিশ নূর হোসেনসহ তিনজনের বিরুদ্ধে বিদেশি আইনে করা একটি মামলার অভিযোগপত্র দেয়।
এদিকে বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতের সরকারি আইনজীবী বিকাশ রঞ্জন দে আজ সোমবার প্রথম আলোকে বলেছেন, নূর হোসেনকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে এখনো সরকারিভাবে কোনো চিঠি আদালতে আসেনি।
গত ১৪ জুন রাতে বাগুইহাটি থানার পুলিশের সহযোগিতায় নূর হোসেন ও তার দুই সঙ্গী খান সুমন ও ওহিদুর জামান শামীমকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ পুলিশ বাহিনী।