নূর হোসেনের দুই সঙ্গীর জামিন আবেদনের শুনানি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের দুই সঙ্গী খান সুমন ও ওহিদুর জামান শামীমের জামিন আবেদনের শুনানি আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়নি। আজ শুনানির দিন ধার্য থাকলেও থানা থেকে কেস ডায়েরি (সিডি) না আসায় তা হয়নি।

ভারতের বারাসাতের জেলা ও দায়রা জজ আদালতে সুমনের জামিন আবেদনের শুনানি এবং শামীমের জামিনের শুনানি বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে হওয়ার কথা ছিল। মামলার পরবর্তী দিন নির্ধারিত হয়েছে ১৮ আগস্ট।

১৪ জুন কলকাতা বিমানবন্দরের অদূরে কৈখালীর ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে নূর হোসেনের সঙ্গে তাঁর দুই সঙ্গীকেও গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে খান সুমন তিনবার জামিনের আবেদন করেন। কিন্তু তাঁর সব আবেদন নামঞ্জুর হয়। এরপর তিনি জামিনের জন্য জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করেন।

বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে ২ আগস্ট জামিনের আবেদন করেন শামীম। ওই আবেদনের ওপর শুনানির জন্য আজ তারিখ ধার্য রয়েছে।