নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ ফের পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ গতকাল পঞ্চমবারের মতো পেছানো হয়েছে। নূর হোসেনের এক সহযোগীর অনুপস্থিতির কারণ দেখিয়ে অভিযোগ গঠনের নতুন তারিখ ২৪ নভেম্বর নির্ধারণ করেন আদালত। ভারতে অনুপ্রবেশের মামলায় এই অভিযোগ গঠনের কথা ছিল।

নূর হোসেন ও তাঁর সহযোগী ওহিদুজ জামানকে গতকাল দমদম কেন্দ্রীয় কারাগার থেকে বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে নেওয়া হয়। কিন্তু নূর হোসেনের আরেক সহযোগী খান সুমন আদালতে হাজির হননি। এই কারণ দেখিয়ে অভিযোগ গঠন পিছিয়ে দেওয়া হয়।

খান সুমন বারাসাতের জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিনে মুক্ত হন।

বাগুইহাটি থানার পুলিশ গত ১৮ আগস্ট নূর হোসেন, খান সুমন ও ওহিদুজ জামানের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগ এনে চার্জশিট দেয়। এরপর আদালত গত ১, ১৫ ও ২৯ সেপ্টেম্বর, ২৭ অক্টোবর এবং সর্বশেষ গতকাল ১০ নভেম্বর অভিযোগ গঠনের জন্য পাঁচ দফায় তারিখ নির্ধারণ করলেও বিভিন্ন কারণে অভিযোগ গঠন হয়নি।

গত ১৪ জুন রাতে নূর হোসেন, সুমন ও ওহিদকে গ্রেপ্তার করে পুলিশ। নূর হোসেনের পক্ষে এখন পর্যন্ত আদালতে জামিনের জন্য আবেদন করা হয়নি। তবে সুমন ও ওহিদ জামিনের আবেদন করলে বারাসাতের জেলা ও দায়রা জজ শুধু সুমনের জামিন মঞ্জুর করেন।