নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের সম্ভাবনা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূর হোসেন। ফাইল ছবি।
নূর হোসেন। ফাইল ছবি।

বাংলাদেশের নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ও তাঁর দুই সঙ্গীর বিরুদ্ধে কাল সোমবার অভিযোগ গঠন করা হতে পারে।
তিনজনের বিরুদ্ধেই কাল অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে। এ জন্য নূর হোসেন ও তাঁর এক সঙ্গী ওহিদুর জামানকে কাল দমদম কেন্দ্রীয় কারাগার থেকে বারাসাত আদালতে আনা হবে। অপর সঙ্গী খান সুমন জামিনে আছেন। তাঁরও কাল আদালতে হাজির থাকার কথা।
সবকিছু ঠিকঠাক থাকলে কাল তিনজনের বিরুদ্ধেই অভিযোগ গঠন করা হতে পারে।
১৫ সেপ্টেম্বর এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করার তারিখ ধার্য ছিল। তবে হাকিমের অনুপস্থিতির কারণে শেষ পর্যন্ত তা হয়নি।
এর আগে ১ সেপ্টেম্বর নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য প্রথম তারিখ ধার্য ছিল। কিন্তু ওই দিন অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হননি তিনি। এ কারণে অভিযোগ গঠনও হয়নি।
গত ১৮ আগস্ট নূর হোসেন ও তাঁর দুই সঙ্গীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় বাগুইহাটি থানার পুলিশ। ভারতে বেআইনি অনুপ্রবেশের দায়ে এই অভিযোগপত্র দেওয়া হয়েছে।

এদিকে ওহিদুর জামানের জামিন শুনানির জন্য বারাসাতের জেলা ও দায়রা জজ আদালতে আগামী ৯ অক্টোবর তারিখ ধার্য রয়েছে।
বাগুইহাটি থানার পুলিশের সহযোগিতায় গত ১৪ জুন রাতে নূর হোসেন ও তাঁর দুই সঙ্গীকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ পুলিশ বাহিনী।